প্রয়াত কিংবদন্তি অ্যাকশন পরিচালক বীরু দেবগনের জন্মবার্ষিকীতে ভক্তদের জন্য বিশেষ উপহার নিয়ে হাজির হয়েছেন বলিউড তারকা অজয় দেবগন। এদিন প্রকাশ করা হয়েছে তার বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী সিনেমা ‘চৌহান’-এর প্রথম টিজার, যা মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টিজারটি প্রকাশ করেন অজয় দেবগন। ভিডিওতে কাশ্মীরের দীর্ঘদিনের সংঘাতকে কেন্দ্র করে একটি উত্তেজনাপূর্ণ আবহ তৈরি করা হয়েছে। এরপর পর্দায় অজয়ের আবির্ভাবের সঙ্গে শোনা যায় শক্তিশালী সংলাপ, ‘পাঠানদের বলে দিও, চৌহান আসছে।’ এই সংলাপ ইতোমধ্যেই দর্শকদের দৃষ্টি কেড়েছে।

টিজারের সঙ্গে নির্মাতারা লিখেছেন, ‘বীরু দেবগনজির জন্মবার্ষিকীতে আমাদের ওজি অ্যাকশন স্টার অজয় দেবগনকে বড় পর্দায় নিয়ে আসছি। ১ অক্টোবর ২০২৭-এ সিনেমা হলে দেখা হবে।’

নির্মাতাদের দাবি, ‘চৌহান’ একটি দেশাত্মবোধক অ্যাকশন সিনেমা। এতে ‘পাঠান বনাম চৌহান’-এর সংঘর্ষকে কেন্দ্র করে এগোবে গল্প। টিজারের অ্যাকশনধর্মী উপস্থাপনা ও সংলাপ ইতোমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে।

নতুন সিনেমার টিজার প্রকাশের পাশাপাশি বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিওও শেয়ার করেছেন অজয় দেবগন। সেখানে বীরু দেবগন বলেছিলেন, একসময় তিনি নিজে অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন। তবে সেই স্বপ্ন পূরণ না হলেও ছেলে অজয় একদিন বলিউডে প্রতিষ্ঠিত অভিনেতা হবেন, এমন বিশ্বাস তার ছিল।

বাবার সেই বিশ্বাসকে বাস্তবে রূপ দিয়েছেন অজয় দেবগন। আর এবার বাবার জন্মবার্ষিকীতেই তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘চৌহান’ সিনেমার মাধ্যমে নতুন রূপে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন এই বলিউড তারকা।