বিজয় সালগাঁওকর ও তাঁর পরিবারের রহস্যময় কাহিনির চূড়ান্ত অধ্যায় নিয়ে আবারও পর্দায় ফিরছেন অজয় দেবগন। বহুল প্রতীক্ষিত হিন্দি থ্রিলার ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সিনেমাটির মুক্তির তারিখ নিশ্চিত করে প্রথম পোস্টার প্রকাশ করেছেন অজয় দেবগন। পোস্টারে লেখা রয়েছে, ‘সত্যসহ সবকিছুর আগে পরিবার।’ এর মধ্য দিয়ে ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির হিন্দি সংস্করণের তৃতীয় ও শেষ কিস্তি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।
অভিষেক পাঠকের পরিচালনায় ‘দৃশ্যম ৩’-এ আবারও বিজয় সালগাঁওকর চরিত্রে দেখা যাবে অজয় দেবগনকে। তাঁর সঙ্গে আগের দুই পর্বের মতোই থাকছেন টাবু, শ্রেয়া সরণ ও রজত কাপুর। নতুন সংযোজন হিসেবে এবারের সিনেমায় যুক্ত হয়েছেন প্রকাশ রাজ ও জয়দীপ আহলাওয়াত।
সিনেমাটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। নির্মাতারা গল্পের শেষ অধ্যায়কে ঘিরে কী ধরনের চমক রেখেছেন, তা নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।
২০১৫ সালে মুক্তি পাওয়া প্রথম ‘দৃশ্যম’ বিশ্বব্যাপী প্রায় ১১০ কোটি রুপি আয় করেছিল। এরপর ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম ২’ আগের সাফল্যকে ছাড়িয়ে প্রায় ৩৪২ কোটি রুপি ব্যবসা করে। মালয়ালাম মূল ফ্র্যাঞ্চাইজির গল্প থেকে অনুপ্রাণিত হলেও হিন্দি সংস্করণও দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
তবে হিন্দি সংস্করণ ‘দৃশ্যম ৩’-এর মাধ্যমে শেষের পথে থাকলেও মালয়ালাম ফ্র্যাঞ্চাইজির যাত্রা থামছে না। ২০২৬ সালের মে মাসে মুক্তি পাওয়া মোহনলাল অভিনীত মালয়ালাম ‘দৃশ্যম ৩’ বিশ্বব্যাপী প্রায় ২৪২ কোটি রুপি আয় করেছে। এরই মধ্যে প্রযোজক অ্যান্টনি পেরুম্বাভুর ও মোহনলাল জানিয়েছেন, মালয়ালাম ভাষায় ‘দৃশ্যম ৪’-এর কাজও শুরু হতে যাচ্ছে।