দীর্ঘ ১৫ বছর পর আবারও রুপালী পর্দায় একসঙ্গে দেখা যেতে চলেছে বলিউড কিং শাহরুখ খান ও জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খানকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বহুল প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘কিং’-এ স্পেশাল অ্যাপিয়ারেন্সে হাজির হচ্ছেন কারিনা। সিনেমাটির একটি বিশেষ আইটেম গানে শাহরুখের সাথে নাচতে দেখা যাবে এই তারকাকে, যা ভক্তদের জন্য এক দারুণ চমক হতে যাচ্ছে।

‘পিংকিভিলা’-র বিশেষ প্রতিবেদন অনুযায়ী, ‘ড্যাডি কুল’ শিরোনামের এই বিশেষ গানটির দৃশ্যধারন করা হবে দক্ষিণ আফ্রিকায়। চলতি মাসেই সেখানে প্রায় পাঁচ দিনব্যাপী এক জমকালো আয়োজনে গানটির শুটিং অনুষ্ঠিত হবে। গানটি সুর করেছেন বিখ্যাত মিউজিক কম্পোজার জুটি শচীন-জিগার। জানা গেছে, ভারতীয় ও একজন আন্তর্জাতিক সংগীতশিল্পীর যৌথ অংশগ্রহণে তৈরি হতে যাচ্ছে এই ট্র্যাকটি, যা সিনেমার অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে।

এর আগে ‘কভি খুশি কভি গম’ ও ‘ডন’-এর মতো ব্যবসাসফল সিনেমায় এই জুটির রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। নতুন এই গানে একেবারেই ভিন্ন এক অবয়বে দেখা যাবে শাহরুখ-কারিনাকে। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের ব্যানারে নির্মিত ‘কিং’ সিনেমায় শাহরুখ খান ও সুহানা খান ছাড়াও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর ও জয়দীপ আহলাওয়াত। আগামী ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে সিনেমাটি থেকে নতুন চমক নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা।