টিভি অভিনেতা গৌরব খান্নার সঙ্গে বিচ্ছেদ ও ব্যক্তিগত জীবন নিয়ে চলা নানা সমালোচনা ও গুঞ্জনের কড়া জবাব দিয়েছেন অভিনেত্রী ও ‘লক আপ ২’ তারকা আকাঙ্ক্ষা চামোলা। স্বামীর জনপ্রিয়তা ব্যবহার করে আলোচনায় থাকার অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি স্পষ্ট জানান, পাবলিসিটির জন্য তিনি কোনো গল্প তৈরি করেননি। 

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আকাঙ্ক্ষা বলেন, "যে রিয়েলিটি শো-তে আমি অংশ নিয়েছিলাম, তার মূল উদ্দেশ্যই ছিল নিজের গোপন কথা ও সত্য গল্প তুলে ধরা। আমি ঠিক সেটাই করেছি। নিজের জীবনের পথচলা নিয়ে সততার পরিচয় দিয়েছি, কোনো মিথ্যা গল্প ফাঁদিনি।"

দীর্ঘদিন ধরে চলা পাবলিক স্ক্রুটিনি বা দর্শকমহলের সমালোচনা প্রসঙ্গে তিনি জানান, বিয়ের সময়েও তাঁকে নিয়ে আলোচনা হতো, আর বিচ্ছেদের পরেও তা থামেনি। আকাঙ্ক্ষা আরও যোগ করেন, "মূল সত্যিটা কেবল সেই মানুষগুলোই জানে যারা ওই পরিস্থিতির মধ্য দিয়ে যায়। আমার যা বলার ছিল তা আমি বলে ফেলেছি, এখন আর কাউকে কোনো কৈফিয়ত বা ব্যাখ্যা দেওয়ার চেয়ে নিজের শান্তি বজায় রাখাটাই আমার কাছে প্রধান।"