দীর্ঘ দেড় দশক পর আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান ও কারিনা কাপুর খানকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার একটি বিশেষ গানে অংশ নেবেন এই দুই তারকা। ফলে ‘রা. ওয়ান’ (২০১১)-এর পর ফের একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন শাহরুখ-কারিনা।
ঘনিষ্ঠ সূত্রের বরাতে খবরটি প্রকাশ করেছে পিঙ্কভিলা। প্রতিবেদন অনুযায়ী, ‘কিং’ সিনেমায় ‘ড্যাডি কুল’ শিরোনামের একটি বিশেষ গানে অংশ নেবেন শাহরুখ ও কারিনা। গানটি সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্রের খবর, চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের সঙ্গে গানটির শুটিং করবেন কারিনা। এ কাজের জন্য প্রায় পাঁচ দিন সময় দিয়েছেন অভিনেত্রী। বড় পরিসরে গানটির শুটিংয়ের পরিকল্পনা করা হয়েছে। শোনা যাচ্ছে, গানটিতে কণ্ঠ দিয়েছেন আন্তর্জাতিক পর্যায়ের এক শিল্পী। তবে তার নাম এখনো প্রকাশ্যে আসেনি। গুঞ্জন রয়েছে, গানটি গেয়েছেন এড শিরান।
‘ড্যাডি কুল’ গানে শাহরুখ ও কারিনাকে একেবারে নতুন রূপে দেখা যাবে বলেও জানা গেছে। এর আগে ‘কাভি খুশি কাভি গম’ ও ‘ডন’-এর মতো সিনেমায় একসঙ্গে পর্দা ভাগ করেছেন তারা। তবে দীর্ঘ বিরতির পর ‘কিং’-এ তাদের উপস্থিতি দর্শকদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, আগামী ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন। দিনটি উপলক্ষে ‘কিং’ সিনেমার নতুন কোনো ঝলক প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা। ফলে শাহরুখের জন্মদিন থেকেই সিনেমাটির প্রচারণায় নতুন গতি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
‘কিং’ সিনেমায় শাহরুখের সঙ্গে আরও অভিনয় করেছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি ও রাঘব জুয়ালসহ একঝাঁক তারকা। দীর্ঘ প্রতীক্ষার পর শাহরুখ-কারিনার পুনর্মিলন সিনেমাটির অন্যতম আলোচিত আকর্ষণ হয়ে উঠবে কি না, এখন সেটিই দেখার অপেক্ষা।