দীর্ঘ অভিনয়জীবনে দর্শকদের অসংখ্য জনপ্রিয় চরিত্র উপহার দিয়েছেন অভিনেতা আ খ ম হাসান। তবে এবার ঈদুল আজহায় মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ‘তাজমহল’-এ ‘ভুনা ভাই’ চরিত্রে অভিনয় করে নতুন করে প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সাধারণ দর্শকদের সরাসরি প্রতিক্রিয়া সবখানেই এখন তাকে নিয়ে তুমুল আলোচনা।

সম্প্রতি ‘বাংলা নাটক’ ফেসবুক গ্রুপে আ খ ম হাসানের একটি ছবি পোস্ট করে একজন দর্শক মন্তব্য করেন, ‘এভাবেও ফিরে আসা যায়।’ ওয়াহিদ আনাম পরিচালিত ওয়েব ফিল্ম ‘তাজমহল’-এ তার অভিনীত ‘ভুনা ভাই’ চরিত্রটি দর্শকদের মন এতটাই কেড়েছে যে, সেই ভালোবাসার জোয়ার ছুঁয়ে গেছে অভিনেতাকুলেও।

দর্শকদের এমন অভাবনীয় সাড়া পেয়ে আবেগাপ্লুত আ খ ম হাসান বলেন, এত এত ফোন আমি আগে কোনো কাজের জন্য পাইনি। ফেসবুকেও অনেকেই পজিটিভ সব রিভিউ লিখেছেন। সব দেখে মনে হচ্ছে যেন ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেছি। আমার চেনা দর্শক তো সাধারণত ইউটিউব আর টেলিভিশনে থাকেন, সেখানে ওটিটির দর্শকদের এই ভালোবাসা প্রমাণ করে যে আমি হয়তো সত্যিই ভালো কিছু করতে পেরেছি।

এদিকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আগামী ২২ জুন মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’। কাজী আসাদ পরিচালিত এই প্রজেক্টেও বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে আ খ ম হাসানকে। তবে চমক ধরে রাখতে চরিত্রটির বিষয়ে এখনই বিস্তারিত কিছু ভাঙতে চাইলেন না তিনি।

নতুন এই কাজটি নিয়ে অভিনেতা বলেন, এখানেও দর্শক আমাকে একদম ভিন্ন এক লুকে দেখতে পাবেন। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, নির্মাতা জানিয়েছেন তিনি নাকি আমাকে মাথায় রেখেই এই চরিত্রটি লিখেছেন। একজন অভিনেতার জন্য এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে!

ওটিটি মাধ্যমে কাজের অভিজ্ঞতা নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন আ খ ম হাসান। নিজের কাজের অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, মঞ্চ থেকে শুরু করে টেলিভিশন, ইউটিউব সবখানেই কাজ করেছি। এখন ওটিটির নির্মাতারাও ডাকছেন। অনেক তরুণ এখন ওটিটির হাল ধরেছেন, তারা টেকনিক্যাল দিক দিয়ে অনেক বেশি পড়াশোনা জানা। আর সবচেয়ে বড় কথা হলো, ওটিটিতে বাজেট ভালো থাকে। নির্মাতারা তাড়াহুড়ো না করে প্রতিটি দৃশ্য ধরে ধরে যত্ন নিয়ে কাজ করেন। স্বাভাবিকভাবেই এখানে অন্য কাজের তুলনায় পরিশ্রমও অনেক বেশি হয়।

দর্শকদের এই ইতিবাচক সাড়া এবং নতুন প্রজন্মের নির্মাতাদের আস্থার কারণে ওটিটির দুনিয়ায় আ খ ম হাসানের এই নতুন যাত্রা আরও দীর্ঘ ও শক্তিশালী হবে বলেই মনে করছেন বিনোদন সংশ্লিষ্টরা। ‘তাজমহল’-এর সাফল্যের পর এখন তার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ‘লাইফলাইন’-এ প্রিয় অভিনেতার নতুন চমক দেখার জন্য।