বলিউডের ‘খিলাড়ি’খ্যাত অভিনেতা অক্ষয় কুমার বর্তমানে ব্যস্ত সময় পার করছেন একাধিক সিনেমার শুটিং ও প্রচারণা নিয়ে। তবে সেই ব্যস্ততার মাঝেই শারীরিক সমস্যার কারণে তাকে চোখে ছোট একটি অস্ত্রোপচার করাতে হয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, গত ৬ মে সকালে অভিনেতার চোখে অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন তিনি। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং দ্রুতই কাজে ফিরবেন বলে জানা গেছে।

অস্ত্রোপচারের পর কিছুদিন বিশ্রামে থাকলেও শিগগিরই আবারও শুটিংয়ে ফিরতে হবে অক্ষয় কুমারকে। বিশেষ করে তার আসন্ন সিনেমা কেরলম এর বাকি কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন বিদ্যা বালান, রাশমিকা মান্দানারাজপাল যাদব

সম্প্রতি সামাজিক মাধ্যমে সিনেমাটির শুটিং অভিজ্ঞতা নিয়েও পোস্ট করেছিলেন অক্ষয়। সেখানে সহশিল্পী ও পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, ভালো মানুষের সঙ্গে সুন্দর জায়গায় কাজ করাটা তার জন্য বিশেষ অভিজ্ঞতা ছিল।

শৃঙ্খলিত জীবনযাপনের জন্যও পরিচিত এই অভিনেতা। এক অনুষ্ঠানে তিনি জানান, গত ১৫ বছর ধরে তিনি সিঙাড়া খাননি। সহশিল্পীরাও তার স্বাস্থ্য সচেতনতা ও সাধারণ খাদ্যাভ্যাসের প্রশংসা করেছেন বহুবার।

বর্তমানে অক্ষয় কুমার এর হাতে রয়েছে বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমা। এর মধ্যে রয়েছে ভূত বাংলা, ওয়েলকাম টু দ্য জঙ্গল এবং বহুল প্রতীক্ষিত হেরা ফেরি ৩। ফলে দ্রুত সুস্থ হয়ে আবারও ক্যামেরার সামনে ফিরবেন বলেই আশা করছেন তার ভক্তরা।