পশ্চিমবঙ্গের বাংলা সিনেমায় দীর্ঘদিন ধরে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে আসা মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবার হাজির হয়েছেন একেবারেই নতুন লুকে। পর্দায় কোনো গতানুগতিক নায়কোচিত রূপ নয়, বরং চিকিৎসকের ভূমিকায় দর্শকদের সামনে এসেছেন তিনি। পাভেল পরিচালিত তাঁর নতুন সিনেমা ‘ডাক্তার কাকু’ সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, বাবা ও ছেলের সম্পর্কের টানাপোড়েন এবং চিকিৎসা ব্যবস্থার বাণিজ্যিকীকরণকে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘ডাক্তার কাকু’র মূল গল্প। এতে প্রসেনজিতের পাশাপাশি দুই তরুণ তারকা ঋদ্ধি সেন ও এনা সাহা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সিনেমায় প্রসেনজিৎ ও ঋদ্ধি উভয়কেই চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে, তবে পেশাগত নীতি ও মূল্যবোধ নিয়ে দুজনের ভাবনায় রয়েছে বিস্তর তফাত। চিকিৎসার অর্থনৈতিক বৈষম্য এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার সংকটকে নাটকীয়ভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই চলচ্চিত্রে।
নিজের চরিত্র সম্পর্কে কথা বলতে গিয়ে প্রসেনজিৎ জানান, নতুন প্রজন্মের অভিনেতাদের কাজের প্রতি তাঁর গভীর আগ্রহ রয়েছে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেনের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, নতুনদের নিজস্ব অভিনয়ের ভাষা শিখতে এবং জটিল দৃশ্যের প্রস্তুতিতে ঋদ্ধির সঙ্গে নিয়মিত স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করতেন তিনি। করোনাকালের আগেই সিনেমাটির নির্মাণকাজ শুরু হলেও নানা বাঁধা পেরিয়ে অবশেষে তা প্রেক্ষাগৃহে এসেছে।