বলিউডের অন্যতম প্রভাবশালী পরিবারে জন্ম বলেই কি আজ তিনি এই অবস্থানে? অভিনয়ে আসার পথটা সহজ হলেও বলিউডের অলিতে-গলিতে নিজের শক্ত অবস্থান কিন্তু তিনি গড়ে নিয়েছেন নিখাদ যোগ্যতাবলেই। নিজেকে প্রমাণ করে হয়ে উঠেছেন এই প্রজন্মের অন্যতম সেরা ও ভরসাযোগ্য অভিনেত্রী। তিনি আর কেউ নন আলিয়া ভাট। বর্তমানে নিজের নতুন অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘আলফা’ নিয়ে তুমুল চর্চায় রয়েছেন এই বলিউড কুইন।
আপকামিং এই সিনেমার প্রচারণায় বেশ ব্যস্ত সময় পার করছেন আলিয়া। বিভিন্ন অনুষ্ঠান ও সাক্ষাৎকারে হাজির হয়ে শেয়ার করছেন নিজের জীবনের নানা গল্প। এমনই এক সাক্ষাৎকারে নিউজ১৮-কে আলিয়া জানান, ছোটবেলা থেকেই অভিনয়ের এক বুক স্বপ্ন নিয়ে বড় হয়েছেন তিনি। নিজের ভেতরের সেই তাড়না প্রকাশ করে আলিয়া বলেন, ‘সত্যি বলতে, একদম ছোটবেলা থেকেই আমি আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয় করতাম। আমার মাথায় সবসময় একটাই জেদ কাজ করত একদিন টেলিভিশনের পর্দায় নিজেকে দেখতেই হবে। আমার ভেতর এই গভীর বিশ্বাসটা ছিল যে, ক্যামেরার সামনে থাকার জন্যই আসলে আমার জন্ম হয়েছে।’
অবশ্য তারকা সন্তান হিসেবে ইন্ডাস্ট্রিতে বাড়তি কিছু সুবিধা বা প্রিভিলেজ পাওয়ার বিষয়টি অকপটে স্বীকার করেছেন আলিয়া। নেপোটিজম বা বিশেষ সুবিধা নিয়ে কোনো রাখঢাক না রেখেই তিনি বলেন, ‘আমি জানি, আমার পথচলাটা আর দশটা মানুষের চেয়ে আলাদা ছিল। একটা সুবিধাপ্রাপ্ত জায়গা থেকে এসে এই কথাগুলো বলা হয়তো সহজ। কিন্তু সেই প্রিভিলেজড পজিশনে থেকেও বলছি, আমাদের সবার জীবনেই খারাপ দিন আসে, চরম হতাশার সময় আসে। সেই কঠিন দিনগুলোতে আমি নিজেকে শুধু এটুকুই মনে করিয়ে দিই স্বপ্ন দেখার অধিকার আমারও আছে এবং নিজের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখার অধিকারও আমার একান্ত নিজের।’
উল্লেখ্য, যশরাজ ফিল্মসের বহুল আলোচিত স্পাই ইউনিভার্সের নতুন কিস্তি হতে যাচ্ছে ‘আলফা’। তবে এই স্পাই ইউনিভার্সের ইতিহাসে এবারই প্রথম কোনো নারীপ্রধান অ্যাকশন ছবি নির্মিত হলো। সিনেমাটিতে আলিয়ার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অ্যাকশন করতে দেখা যাবে শর্বরী ওয়াগকে। এছাড়া ভিলেন ও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন ববি দেওল ও অনিল কাপুর। বোনাস হিসেবে স্পাই ইউনিভার্সের চেনা মুখ হৃতিক রোশনকেও দেখা যাবে একটি বিশেষ ক্যামিও রোলে। আগামী ৩ জুলাই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে হাই-ভোল্টেজ এই সিনেমাটি।