ভারতের হায়দরাবাদের একটি আদালতে সশরীরে হাজির হওয়ার জন্য আইনি নোটিশ পেয়েছেন দক্ষিণী সিনেমার মেগাস্টার আল্লু অর্জুন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে তার অভিনীত ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ার শো দেখতে এসে হুড়োহুড়িতে পদদলিত হয়ে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই মর্মান্তিক দুর্ঘটনার দায়ে দায়ের করা মামলায় আগামী সোমবার তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি হায়দরাবাদের একটি আদালতের কাছে সেই দুর্ঘটনার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। তদন্তকারীদের দাবি, অভিনেতা আল্লু অর্জুন ওইদিন প্রেক্ষাগৃহে আসবেন জেনেও ‘সন্ধ্যা থিয়েটার’ কর্তৃপক্ষ দর্শকদের উপচে পড়া ভিড় সামাল দিতে পর্যাপ্ত কোনো নিরাপত্তা ব্যবস্থা নেয়নি।
পুলিশের জমা দেওয়া ওই চার্জশিটে আল্লু অর্জুনের পাশাপাশি তার ব্যক্তিগত ব্যবস্থাপক, স্টাফ, আটজন বাউন্সার এবং থিয়েটারের মালিকসহ মোট ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে। এই চার্জশিটের ওপর ভিত্তি করেই আদালত তাদের সবাইকে তলব করেছে এবং আগামী সপ্তাহ থেকেই এই মামলার আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
এর আগে ২০২৪ সালের ১৩ ডিসেম্বর এই একই ঘটনার প্রেক্ষিতে আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। যদিও সেদিনই তেলেঙ্গানা হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন, তবে আইনি জটিলতার কারণে তাকে জীবনের প্রথমবার এক রাত পুলিশ হেফাজতে কাটাতে হয়েছিল।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায় বহুল আলোচিত ব্লকবাস্টার সিনেমা ‘পুষ্পা টু: দ্য রুল’। এর আগের দিন ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে সিনেমাটির বিশেষ প্রিমিয়ার শোর আয়োজন করা হয়। প্রিয় তারকা আল্লু অর্জুনকে একনজর দেখতে সেখানে হাজার হাজার ভক্ত ভিড় জমান। একপর্যায়ে অতিরিক্ত ভিড়ের কারণে হলে ঢোকার মুখে হুড়োহুড়ি শুরু হলে রেবতী নামের এক নারী পদদলিত হয়ে মারা যান। ওই একই ঘটনায় রেবতীর ৯ বছর বয়সী ছেলে তেজও গুরুতর আহত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল।