বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের ৮৪তম জন্মদিন ঘিরে ভক্তদের মধ্যে ছিল উচ্ছ্বাস। গত রোববার, ১১ অক্টোবর, প্রতিবছরের মতো এবারও বাড়ির বাইরে এসে ভক্তদের সঙ্গে দেখা করেন তিনি। তবে এ সময় এক নারী ভক্তের সঙ্গে হাত না মেলানোর ঘটনা সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
ভক্তের সঙ্গে হাত মেলাতে রাজি হননি অমিতাভ
জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা জানানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, কয়েকজন শিশু নিরাপত্তাকর্মীদের পাশ কাটিয়ে অমিতাভের কাছে যাওয়ার চেষ্টা করছে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত তাদের সরিয়ে দেন অভিনেতার দেহরক্ষীরা।
এ সময় অমিতাভ দুই হাত জোড় করে ভক্তদের শুভেচ্ছা গ্রহণ করছিলেন। এক নারী ভক্ত তাঁর সঙ্গে হাত মেলাতে চাইলে বিনয়ের সঙ্গে সেই অনুরোধ ফিরিয়ে দেন অভিনেতা।
লাল কুর্তা পরা অমিতাভকে ভক্তদের নিয়ে আসা বিশাল ফুলের মালার সামনে ছবিও তুলতে দেখা যায়। পরে উপস্থিত সবার উদ্দেশে হাত নেড়ে ভালোবাসার জন্য ধন্যবাদ জানিয়ে বাড়ির ভেতরে চলে যান তিনি।
ঘটনাটি নিয়ে অনলাইনে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। একদল মনে করছেন, ওই নারী ভক্তের সঙ্গে হাত মেলালে ভালো হতো। অন্যদিকে অনেকে বলছেন, নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে অভিনেতার কাছে যাওয়ার চেষ্টা করাই ঠিক হয়নি।
একজন মন্তব্য করেছেন, “তিনি মেয়েটির সঙ্গে হাত মেলাতেই পারতেন। মেয়েটি অনেক আশা নিয়ে এসেছিল।” আরেকজন সালমান খানের সঙ্গে তুলনা টেনে লিখেছেন, “বচ্চন ও সালমানের মধ্যে পার্থক্যটা এখানেই।”
অমিতাভের পক্ষ নিয়ে একজন লিখেছেন, “এভাবে করার কোনো প্রয়োজন ছিল না।” অন্য একজনের মন্তব্য, “এই মানুষগুলোর কী হয়েছে? তিনি একজন মানুষ, কোনো ভিনগ্রহের প্রাণী নন।”
জন্মদিনে তারকাদের শুভেচ্ছা
অমিতাভের জন্মদিনে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের অনেক তারকাই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেতা চিরঞ্জীবী তাঁকে ‘গুরুজি’ সম্বোধন করে সামাজিক মাধ্যমে একটি বার্তা দেন।
চিরঞ্জীবী লেখেন, সিনেমার প্রতি অমিতাভের ভালোবাসা ও কাজের প্রতি শ্রদ্ধা তাঁকে সব সময় অনুপ্রাণিত করেছে। অসামান্য সাফল্যের পাশাপাশি তাঁর আন্তরিকতা ও বিনয়ও বিশেষভাবে উল্লেখ করেন তিনি। পাশাপাশি অমিতাভের সুস্বাস্থ্য, আনন্দময় জীবন এবং আরও অনেক স্মরণীয় বছর কামনা করেন এই অভিনেতা।
প্রভাস, অজয় দেবগন, কমল হাসান, কাজল ও ফারাহ খানসহ আরও অনেক তারকা জন্মদিনে অমিতাভকে শুভেচ্ছা জানিয়েছেন।
অমিতাভের পুত্রবধূ অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনও মেয়ে আরাধ্যার সঙ্গে অমিতাভের একটি ছবি শেয়ার করে তাঁকে ভালোবাসা ও আশীর্বাদ জানিয়েছেন।
অমিতাভের পরবর্তী সিনেমা
কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন অমিতাভ বচ্চন। ‘Kalki 2898 AD’-এর সিক্যুয়েলে অশ্বত্থামা চরিত্রে আবারও দেখা যাবে তাঁকে। নাগ অশ্বিন পরিচালিত সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রভাস ও কমল হাসান।
প্রথম সিনেমায় দীপিকা পাড়ুকোন অভিনয় করলেও সিক্যুয়েলে তাঁকে দেখা যাবে না। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, তাঁর জায়গায় অভিনয় করতে পারেন সাই পল্লবী। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সিনেমাটির নির্মাণকাজ চলছে।