ভারতের মুম্বাইয়ে রাজনৈতিক আন্দোলন থেকে আটক হওয়ার পর আবারও আলোচনায় এসেছেন অভিনেত্রী ও শিল্পী লেখা ওয়াশিংটন। গত শনিবার মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে যোগ দেওয়ার সময় প্রেমিক ইমরান খানের সঙ্গে তাকেও আটক করে পুলিশ; অবশ্য পরবর্তীতে তাদের ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার পর থেকেই দক্ষিণ ভারতীয় সিনেমার পরিচিত মুখ, মডেল এবং শিল্পী লেখা ওয়াশিংটনকে নিয়ে নতুন করে তৈরি হয়েছে আগ্রহ।

১৯৮৭ সালে জন্ম নেওয়া লেখা তামিলনাড়ুতে বেড়ে ওঠেন। ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন থেকে লাইফস্টাইল প্রোডাক্ট ও ভিডিও যোগাযোগ বিষয়ে পড়াশোনা করা এই শিল্পী অভিনয়ের পাশাপাশি চারুকলা ও নকশায় নিজের এক স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন। তামিল ও তেলুগু ছবির পাশাপাশি ‘মাতৃ কী বিজলি কা মণ্ডোলা’র মতো হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। ২০১৪ সালে নিজের লাইফস্টাইল ব্র্যান্ড ‘আজ্জি দ্য অড প্রোডাক্ট কোম্পানি’ প্রতিষ্ঠা করেন এবং ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের বার্নিং ম্যান উৎসবে চাঁদের আদলে বিশাল শিল্পস্থাপনা তৈরি করে শিল্পী হিসেবে দারুণ প্রশংসিত হন।

বলিউড অভিনেতা ইমরান খানের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে গত কয়েক বছর ধরেই বেশ আলোচনা চলছে। ২০২০ সালে লকডাউনের সময়ে তাদের ঘনিষ্ঠতা বাড়ে এবং ২০২৪ সালে ভোগ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্কের কথা প্রকাশ করেন। এদিকে সমাজে নারীদের শুধু পরিচিত পুরুষের পরিচয়ে সীমাবদ্ধ রাখার মানসিকতার কঠোর সমালোচনা করে লেখা জানিয়েছেন, অভিনয়ের জগৎ থেকে সরে এসে তিনি নিজের আর্থিক ও বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা প্রতিষ্ঠায় পুরোপুরি শিল্পচর্চায় মনোযোগ দিয়েছেন।