দীর্ঘ ১৫ বছর পর আবারও আলোচনায় বলিউডের জনপ্রিয় সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’। ছবিটির সিক্যুয়েল নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রযোজক একতা কাপুর। তবে নতুন সিনেমায় বিদ্যা বালান থাকছেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
২০১১ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডার্টি পিকচার’ দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সিল্ক স্মিতার জীবন থেকে অনুপ্রাণিত সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন বিদ্যা বালান। আরও ছিলেন নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুর। এই সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মান পান বিদ্যা।
সম্প্রতি একটি পডকাস্টে একতা কাপুর জানান, দীর্ঘদিন ধরেই সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের কথা ভাবছিলেন তিনি। তবে মনের মতো গল্প খুঁজে না পাওয়ায় এত দিন কাজটি এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। এবার এমন একটি গল্প পেয়েছেন, যা দর্শকদের সামনে তুলে ধরতে চান তিনি।
তবে ‘দ্য ডার্টি পিকচার ২’-এর গল্প কী নিয়ে হবে, তা এখনো প্রকাশ করেননি একতা। আগের সিনেমার মতো সিল্ক স্মিতার জীবনকাহিনি আবারও পর্দায় উঠে আসবে, নাকি অন্য কোনো নারীর জীবনকে কেন্দ্র করে তৈরি হবে নতুন সিনেমাটি, তা নিয়েও রয়েছে কৌতূহল।
এদিকে, সিক্যুয়েলে বিদ্যা বালানের অভিনয়ের বিষয়েও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে সিনেমাটির গল্প, অভিনয়শিল্পী ও মুক্তির সময় নিয়ে বিস্তারিত জানতে দর্শকদের আরও অপেক্ষা করতে হবে।