সদ্‌গুরুর সঙ্গে কথা বলছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। পাশে দাঁড়িয়ে ছিলেন অনন্ত আম্বানি। হঠাৎ শাহরুখের দিকে ফিরে হাসিমুখে আঙুল তুলে ইশারা করেন অনন্ত। কয়েক সেকেন্ডের এই দৃশ্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে আলোচনা। নেটিজেনদের প্রশ্ন, শাহরুখকে কি চুপ থাকতে বলছিলেন মুকেশ আম্বানির ছেলে? কেউ কেউ এমনটাই মনে করছেন। আবার কারও ধারণা, দুজনের মধ্যে চলছিল নিছক খুনসুটি। যদিও ভিডিওতে অনন্ত ঠিক কী বলেছিলেন, তা স্পষ্ট নয়।

গত শনিবার, ২১ নভেম্বর মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ায় অনুষ্ঠিত হয় ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’। অমৃতা ফড়নবিশের প্রতিষ্ঠিত দিব্যজ ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানে ২০০৮ সালের ২৬ নভেম্বরের মুম্বাই হামলায় নিহত ব্যক্তিদের স্মরণ করা হয়। পাশাপাশি হামলা থেকে বেঁচে ফেরা ব্যক্তি এবং সাহসিকতা ও সমাজসেবায় অবদান রাখা কয়েকজনকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শচীন টেন্ডুলকার, অক্ষয় কুমার, রণবীর সিং, সুনীল শেঠি ও বিক্রান্ত ম্যাসিসহ আরও অনেকে।

ভিডিওতে কী দেখা গেল?

অনুষ্ঠানের একটি ভিডিওতে সদ্‌গুরুকে আলিঙ্গন করতে দেখা যায় শাহরুখকে। পরে তাঁর সঙ্গে কথা বলার সময় হাত জোড় করে সম্মান জানান অভিনেতা। এ সময় অনন্ত আম্বানি কাছে এলে তাঁর পিঠে হাত রাখেন শাহরুখ। কথোপকথনের একপর্যায়ে সদ্‌গুরুর সঙ্গে কথা বলতে বলতেই শাহরুখের দিকে ফিরে আঙুল তুলে ইশারা করেন অনন্ত। এরপর হাসতে হাসতে অন্য অতিথিদের দিকে ফিরে যান শাহরুখ।

এ দৃশ্য ঘিরেই তৈরি হয়েছে নানা প্রশ্ন। একই অনুষ্ঠানের আরেকটি ভিডিওতে শাহরুখ ও অনন্তকে একে অপরকে আলিঙ্গন করতেও দেখা গেছে। ফলে তাঁদের মধ্যকার ওই মুহূর্ত নিয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন নেটিজেনরা।

রেডিটে এক ব্যবহারকারীর ধারণা, শাহরুখ হয়তো সদ্‌গুরুর কাছে অনন্তকে নিয়েই কিছু বলছিলেন। আর অনন্ত মজা করে তাঁকে থামানোর ইশারা করেছেন। তবে প্রকাশ্যে সবার সামনে শাহরুখের দিকে এভাবে আঙুল তোলা কতটা যথাযথ, তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। ২৩ নভেম্বর পর্যন্ত এ বিষয়ে শাহরুখ বা অনন্তের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

একই অনুষ্ঠানে শাহরুখের অন্য মুহূর্ত

সেদিনের অনুষ্ঠানে আরও কয়েকটি মুহূর্তে আলোচনায় আসেন শাহরুখ। তাঁর হাত থেকে সম্মাননা গ্রহণ করেন দেবিকা রোটাওয়ান। ২০০৮ সালের মুম্বাই হামলা থেকে বেঁচে ফেরা দেবিকা ছিলেন ওই ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে নিজের ছোট ছেলে আব্রামের একটি প্রশ্নের কথাও তুলে ধরেন শাহরুখ। আব্রাম জানতে চেয়েছিল, ঘৃণাকে কীভাবে ভালোবাসায় বদলে দেওয়া যায়। উত্তরে শাহরুখ বলেন, এর জন্য একে অন্যের সঙ্গে কথা বলতে হবে, পরস্পরের ওপর আস্থা রাখতে হবে এবং মিলেমিশে থাকতে হবে।

গম্ভীর আলোচনার পাশাপাশি দর্শকদের হাসিয়েছেনও অভিনেতা। মঞ্চে মনে করিয়ে দেন তাঁর জনপ্রিয় সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র পরিচিত সংলাপ ও দৃশ্য। দুই হাত ছড়িয়ে দেন নিজের চেনা ভঙ্গিতে। পাশে দাঁড়িয়ে সেই ভঙ্গি অনুসরণ করেন বোমান ইরানি ও বিক্রান্ত ম্যাসি।

কে এই সদ্‌গুরু?

সদ্‌গুরু নামে পরিচিত জগ্গি বাসুদেব ভারতের একজন আধ্যাত্মিক শিক্ষক। যোগ ও ধ্যানের শিক্ষা ছড়িয়ে দিতে ১৯৯২ সালে প্রতিষ্ঠা করেন ঈশা ফাউন্ডেশন। যোগ ও ধ্যানের প্রশিক্ষণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও কাজ করে সংস্থাটি। মুম্বাইয়ের ওই অনুষ্ঠানেও ‘গ্লোবাল পিস অনার্স’ সম্মাননা দেওয়া হয় সদ্‌গুরুকে।