বলিউডে অভিষেকের পর থেকেই অভিনয় নিয়ে নানা সমালোচনা ও স্বজনপ্রীতির বিতর্কের মুখে পড়েছেন অনন্যা পান্ডে। তবে গত কয়েক বছরে অভিনয়ে উন্নতির মাধ্যমে সমালোচকদের নজর কেড়েছেন তিনি। ‘খো গায়ে হাম কাহাঁ’ ও ‘কন্ট্রোল’-এর মতো সিনেমায় অভিনয়ের পর নতুন করে আলোচনায় আসেন এই অভিনেত্রী। আজ ৩০ অক্টোবর তাঁর জন্মদিন। ১৯৯৮ সালে মুম্বাইয়ে জন্ম নেওয়া অনন্যা অভিনেতা চাঙ্কি পান্ডে ও কস্টিউম ডিজাইনার ভাবনা পান্ডের মেয়ে। ২০১৯ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর।
ক্যারিয়ারের শুরুর দিকে একের পর এক সিনেমায় দুর্বল অভিনয়ের অভিযোগে সমালোচিত হয়েছেন অনন্যা। তবে ‘খো গায়ে হাম কাহাঁ’ ও নেটফ্লিক্সের ‘কন্ট্রোল’-এ তাঁর অভিনয় প্রশংসা পায়। বিশেষ করে ‘কন্ট্রোল’ দেখে অনন্যার অভিনয়ের প্রশংসা করেছিলেন দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এরপর ‘কল মি বে’ সিরিজেও অভিনয় করেন তিনি। অনন্যার মতে, অভিনয়দক্ষতা বাড়াতে এবং ভালো নির্মাতাদের সঙ্গে কাজ করতে দীর্ঘদিন ধরেই চেষ্টা করছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি সম্পদের পরিমাণ নিয়েও আলোচনায় রয়েছেন অনন্যা। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ৭৪ কোটি রুপি। প্রতি সিনেমায় অভিনয়ের জন্য প্রায় তিন কোটি রুপি পারিশ্রমিক নেন বলে জানা যায়। বিজ্ঞাপনচিত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের কাজ থেকেও আয় করেন তিনি। অনন্যা জানিয়েছেন, তারকাসন্তান হওয়ার কারণে যেমন সমালোচনা শুনতে হয়েছে, তেমনি শারীরিক গড়ন নিয়েও বিদ্রূপের শিকার হয়েছেন। শুরুতে এসব সামলানো কঠিন হলেও সময়ের সঙ্গে মানিয়ে নিয়েছেন।
এদিকে সামনে অনন্যাকে দেখা যাবে কার্তিক আরিয়ানের বিপরীতে ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ সিনেমায়। আগামী ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে ছবিটির। এ ছাড়া তাঁর অভিনীত ‘চাঁদ মেরা দিল’ সিনেমাটিও মুক্তির অপেক্ষায় রয়েছে।