বিয়ের পর স্ত্রী সুনিতা কাপুরকে কখনো রান্নাঘরে যেতে হয়নি বলে জানিয়েছেন বলিউড অভিনেতা অনিল কাপুর। সম্প্রতি ‘ইন্ডিয়া কে টপ ১ পারসেন্ট’ অনুষ্ঠানে নিজের দাম্পত্যজীবনের একটি ঘটনা শেয়ার করতে গিয়ে এ কথা জানান তিনি। অভিনেতার ভাষ্য, বিয়ের আগে সুনিতার একটি শর্ত তাঁকে জীবনে আরও কঠোর পরিশ্রম করে প্রতিষ্ঠিত হওয়ার অনুপ্রেরণা দিয়েছিল।

অনুষ্ঠানের একপর্বে এক প্রতিযোগী ঘরের কাজ থেকে দূরে থাকার ইচ্ছার কথা বললে নিজের জীবনের প্রসঙ্গ টেনে আনেন অনিল। তিনি জানান, বিয়ের আগে সুনিতা স্পষ্ট করে দিয়েছিলেন, বিয়ের পর তিনি রান্নাঘরের দায়িত্ব নিতে চান না। এমনকি রান্নাঘরে যেতে না হলে তবেই তাঁকে বিয়ে করবেন বলেও জানিয়েছিলেন সুনিতা।

স্ত্রীর এই শর্ত শুনে অনিল সিদ্ধান্ত নেন, তাঁকে আরও কঠোর পরিশ্রম করে এমনভাবে প্রতিষ্ঠিত হতে হবে, যাতে সুনিতাকে রান্নাঘরের দায়িত্ব নিতে না হয়। অভিনেতার দাবি, তিনি সেই দায়িত্ব পালন করেছেন এবং বিয়ের পর থেকে এখন পর্যন্ত সুনিতাকে রান্নাঘরে যেতে হয়নি।

অনিলের মতে, সুনিতার সেই শর্ত তাঁর ক্যারিয়ার গড়ার ক্ষেত্রেও এক ধরনের অনুপ্রেরণা হয়ে উঠেছিল। তবে তাঁদের সম্পর্কের শুরুটা হয়েছিল বলিউডে অনিলের প্রতিষ্ঠা পাওয়ার অনেক আগেই।

অনিল ও সুনিতার পরিচয় হয় ১৯৭৩ সালে। সে সময় অনিল বলিউডে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছিলেন। অন্যদিকে সুনিতা ছিলেন প্রতিষ্ঠিত মডেল। এক বন্ধুর মাধ্যমে তাঁদের পরিচয় হয়। পরে ফোনে নিয়মিত কথাবার্তা বলতে বলতে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং একসময় সেই সম্পর্ক প্রেমে গড়ায়।

প্রায় ১১ বছর সম্পর্কে থাকার পর ১৯৮৪ সালে বিয়ে করেন অনিল ও সুনিতা। ক্যারিয়ারের শুরুর দিকে আর্থিকভাবে স্বচ্ছল না থাকায় সুনিতা তাঁকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন বলেও জানিয়েছেন অনিল। এমনকি তাঁদের প্রেমের সময় অনেক ক্ষেত্রে রেস্তোরাঁর বিলও সুনিতা পরিশোধ করতেন বলে জানান অভিনেতা। তাঁর মতে, জীবনের সেই সময়ে তাঁরা একে অপরের সঙ্গে বিভিন্ন দায়িত্ব ভাগ করে নিয়েছিলেন।

দীর্ঘ দাম্পত্যজীবনে সুনিতার সহযোগিতার কথাও বিভিন্ন সময়ে প্রকাশ্যে বলেছেন অনিল। তাঁদের বিয়ের ৪২ বছর পূর্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিনেতা জানিয়েছিলেন, তাঁদের বিয়েটি ছিল খুবই সাধারণ। বড় কোনো আয়োজন বা জমকালো অনুষ্ঠান ছাড়াই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছিলেন তাঁরা।

অনিল ও সুনিতার তিন সন্তান। তাঁরা হলেন সোনাম কাপুর, রিয়া কাপুর ও হর্ষবর্ধন কাপুর। দীর্ঘ দাম্পত্যজীবনে সুনিতার অবদান ও তাঁর পাশে থাকার বিষয়টি বিভিন্ন সাক্ষাৎকারে তুলে ধরেছেন অনিল।