সত্যজিৎ রায়ের সৃষ্ট জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘ফেলুদা’ হিসেবে দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন ওপার বাংলার বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর দীর্ঘদিন চরিত্রটিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। বয়সের কারণে একসময় অভিনয় থেকে সরে দাঁড়ালেও এবার সত্যজিৎ রায়ের গল্পের হাত ধরেই আবারও ক্যামেরার সামনে ফিরছেন এই অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সত্যজিৎ রায়ের নির্বাচিত ছোটগল্প অবলম্বনে সন্দীপ রায়ের পরিচালনায় নির্মিত নতুন একটি কাজে দেখা যাবে সব্যসাচীকে। এর আগে বাবার গল্প অবলম্বনে ‘সত্যজিতের প্রিয় গল্প’ ও ‘সত্যজিতের গপ্পো’র মতো একাধিক ধারাবাহিক নির্মাণ করেছিলেন সন্দীপ রায়।

এবার সত্যজিৎ রায়ের আরও কিছু নির্বাচিত গল্প পর্দায় তুলে ধরার উদ্যোগ নিয়েছেন তিনি। এরই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সব্যসাচী চক্রবর্তী। তবে কাজটি ছোটপর্দা নাকি অন্য কোনো মাধ্যমের জন্য তৈরি হচ্ছে, তা এখনো চূড়ান্ত হয়নি। কোন গল্পে তাঁকে দেখা যাবে, সেটিও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষদিকে শুটিং শুরু হতে পারে।

উল্লেখ্য, সব্যসাচী চক্রবর্তীকে সর্বশেষ দেখা গেছে ‘অচিন্ত্য আইচ’ ধারাবাহিকের নতুন পর্বে। সেখানে ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।