প্রকৃতিতে এখন শরতের আমেজ। ঝকঝকে নীল আকাশ আর বিস্তীর্ণ প্রান্তরে সাদা কাশফুলের মেলা যেন বাংলার চিরচেনা সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। শরতের এই আবহ উপভোগ করতে অনেকেই ছুটছেন কাশবনে। সেই তালিকায় এবার যোগ দিলেন অভিনেত্রী পূজা চেরীও।
সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেন পূজা। ছবিতে দেখা যায়, ফিরোজা রঙের শাড়িতে সেজে কাশবনে ঘুরছেন তিনি। কখনো কাশফুলের পাশে, কখনো গাছের ছায়ায় ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেত্রী।
ছবিগুলোর ক্যাপশনে শরতের সৌন্দর্যের প্রশংসা করে পূজা লেখেন, ‘সাদা কাশের মেঘ, নীল আকাশ আর মায়ের আগমনের অপেক্ষা শরৎ যেন নিজেই এক টুকরো পূজোর গল্প!’
শরৎ মানেই দুর্গাপূজার আগমনী আবহ। পূজার ক্যাপশনেও যেন সেই উৎসবের অপেক্ষা ও আনন্দের ছোঁয়া পাওয়া গেছে।
এদিকে কাশবনে পূজার ছবি প্রকাশের পরই অনুরাগীদের প্রশংসায় ভাসছেন অভিনেত্রী। কেউ লিখেছেন, ‘সৌন্দর্যের কোনো সীমা নেই’, আবার কেউ মন্তব্য করেছেন, ‘কাশফুলের সৌন্দর্য শুধু পূজার জন্য।’ কেউ কেউ জানিয়েছেন আগাম পূজার শুভেচ্ছাও। পোস্ট দেওয়ার আধা ঘণ্টার মধ্যেই এতে হাজারের বেশি প্রতিক্রিয়া পড়ে।