সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর ও সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্য মারানের বিয়ের সংবর্ধনায় বসেছিল তারকাদের মিলনমেলা। শনিবার (২১ নভেম্বর) ভারতের চেন্নাইয়ের আইটিসি গ্র্যান্ড চোলা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে চলচ্চিত্র, ক্রিকেট ও রাজনৈতিক অঙ্গনের পরিচিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অতিথিদের মধ্যে ছিলেন রজনীকান্ত, কমল হাসান, মহেশ বাবু, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় এবং নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। এ ছাড়া ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টোরি ও ডেল স্টেইনও অনুষ্ঠানে যোগ দেন।
রজনীকান্ত কালো স্যুটে এবং কমল হাসান পিচ রঙের সিল্কের শার্ট ও ধুতিতে অনুষ্ঠানে আসেন। নেভি ব্লু জ্যাকেট ও কালো ট্রাউজারে দেখা যায় মুখ্যমন্ত্রী বিজয়কে। পরিবারের সদস্যদের সঙ্গে চেন্নাইয়ে পৌঁছান মহেশ বাবুও।
এর আগে ১১ নভেম্বর গ্রিসে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন অনিরুদ্ধ ও কাব্য। বিয়ের আগের আয়োজনের কিছু ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন সংগীত পরিচালক। সেখানে রজনীকান্ত ও তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনসহ পরিবারের সদস্যদের দেখা যায়।
কাব্যর বাবা সান গ্রুপের চেয়ারম্যান কালানিধি মারান ও মা কাভেরী মারান বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বকে সংবর্ধনায় আমন্ত্রণ জানান। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং কংগ্রেস নেত্রী সোনিয়া ও প্রিয়াঙ্কা গান্ধীর কাছেও আমন্ত্রণ পৌঁছে দেওয়া হয়েছিল।
কালানিধি মারানের মেয়ে কাব্য বর্তমানে আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের সিইও। অন্যদিকে অনিরুদ্ধ তামিল ও তেলুগুসহ বিভিন্ন ভাষার চলচ্চিত্রে সংগীত পরিচালনা করে পরিচিতি পেয়েছেন। রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ সিনেমার সংগীত পরিচালনার দায়িত্বেও রয়েছেন তিনি।