মেহেদি পরানোর সময় এক যুবকের চুমুতে লাজুক হাসিতে মেতে উঠেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে ঘিরে শুরু হয়েছে আলোচনা। ভিডিওতে অপুর সঙ্গে থাকা যুবকের নাম আদনান আজাদ। জানা গেছে, এটি একটি প্রচারণামূলক ভিডিওর অংশ, যেখানে দুজনকে হবু বর-কনের সাজে দেখা গেছে।
ভিডিওতে মেহেদি পরানোর আয়োজন ঘিরে অপু ও আদনানের মধ্যে চলছিল খুনসুটি। একপর্যায়ে আদনান হঠাৎ অপুকে চুমু দেন। দৃশ্যটি পরিকল্পিতভাবেই ধারণ করা হয়েছে বলে জানা গেছে। এর আগে গত ১৫ অক্টোবর আদনানের সঙ্গে রোমান্টিক আবহের কয়েকটি ছবি প্রকাশ করেছিলেন অপু। সেসব ছবি প্রকাশের পর থেকেই দুজনকে নিয়ে কৌতূহল তৈরি হয়।
প্রায় ১৮ বছর আগে গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ‘পাষাণের প্রেম’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। ওই ছবির মাধ্যমে নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় আদনানের। পরে অভিনয় ও মডেলিংয়ে যুক্ত থাকলেও চলচ্চিত্রে নিয়মিত হতে পারেননি তিনি।
অভিনেত্রী অপু জানিয়েছেন, আদনান বড় পরিসরে একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথাবার্তাও চলছে। অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি আদনান বন্য প্রাণী ও প্রকৃতির আলোকচিত্রী হিসেবেও পরিচিত। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় তাঁদের একসঙ্গে দেখা যায় কি না, এখন সেটিই দেখার বিষয়।