মধুমিতা সরকার ‘গুলশানের চামেলি’ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন, এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল সম্প্রতি। তবে বিষয়টি নাকচ করেছেন সিনেমাটির পরিচালক মোহাম্মাদ ইকবাল। তাঁর দাবি, আগামী ১ ডিসেম্বর থেকেই মধুমিতাকে নিয়ে সিনেমার শুটিং শুরু হবে।

ঢাকা পোস্টকে পরিচালক বলেন, ১ ডিসেম্বর এফডিসির ফ্লোরে মধুমিতাকে নিয়েই ক্যামেরা চালু করবেন তাঁরা। অভিনেত্রীর সিনেমা ছাড়ার গুঞ্জন নিয়ে উদ্বিগ্ন নন তিনি। বরং এমন আলোচনা সিনেমাটির প্রচারে ভূমিকা রেখেছে বলেও মনে করেন ইকবাল।

অন্যদিকে, মধুমিতা সরকারও একটি সংবাদমাধ্যমের কাছে সিনেমা ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তাঁর ধারণা, পরিকল্পিতভাবেই একটি চক্র এমন খবর ছড়াচ্ছে।

‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করে দুই বাংলায় পরিচিতি পাওয়া মধুমিতার এটি প্রথম ঢাকাই সিনেমা। প্রায় পাঁচ বছর আগে সিনেমাটির ঘোষণা দেওয়া হলেও নানা কারণে শুটিং শুরু হয়নি। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে এতে আরও অভিনয়ের কথা রয়েছে রোজিনা, বাঁধন, ওমর সানী, আমিন খান, বাপ্পারাজ ও মিশা সওদাগরের।