ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে আবেগঘন একটি বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে তিনি ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ অনুরোধও জানান।
পোস্টে অপু বিশ্বাস লেখেন, দীর্ঘ এই পথচলায় ভক্তরা যেভাবে তার ছায়া হয়ে পাশে থেকেছেন, তার জন্য তিনি চিরকৃতজ্ঞ। তিনি বলেন, ভক্তরা তাকে শুধু একজন শিল্পী হিসেবেই নয়, বরং পরিবারের সদস্য হিসেবে ভালোবেসেছেন আর এই ভালোবাসার মূল কারণ তার কাজ।
ভক্তদের প্রশংসা করে এই অভিনেত্রী আরও উল্লেখ করেন, তার ভক্তরা শুধু সংখ্যায় নয়, বরং শিক্ষা, রুচি ও মার্জিত আচরণে অনন্য। তাদের এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও ধৈর্যের জন্য তিনি গর্ববোধ করেন।
তবে একইসঙ্গে ভক্তদের উদ্দেশে একটি বিশেষ অনুরোধও জানান অপু বিশ্বাস। তিনি বলেন, কেউ যেন অহেতুক তর্ক-বিতর্ক বা কাদা ছোড়াছুড়িতে না জড়ান। তার ভাষায়, যারা নিজেদের কাজ বা অর্জন দিয়ে আলোচনায় থাকতে পারে না, তারাই অন্যদের পরিবার নিয়ে সমালোচনা করে গুরুত্ব পাওয়ার চেষ্টা করে। এমন পরিস্থিতিতে ভক্তদের সংযত ও মর্যাদাপূর্ণ আচরণ বজায় রাখার আহ্বান জানান তিনি।
নিজের পরিবার প্রসঙ্গেও কথা বলেন অপু। তিনি জানান, তার পরিবারই তার অহংকার, তবে সেটি নিয়ে কাউকে নতুন করে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই। তাদের পরিচয় কাজ, বংশমর্যাদা এবং শিক্ষার মাধ্যমেই প্রতিষ্ঠিত।
সবশেষে নিজের ছেলে আব্রাহাম খান জয়-এর কথা উল্লেখ করে ভক্তদের কাছে তার জন্য ভালোবাসা ও স্নেহ কামনা করেন এই অভিনেত্রী। তিনি বলেন, ভক্তরা যেন জয়কে ভালোভাবে আগলে রাখেন এবং তাকে সুন্দরভাবে উপস্থাপন করেন।
পোস্টের শেষে অপু বিশ্বাস ভক্তদের শান্ত, সুস্থ ও ইতিবাচক থাকার আহ্বান জানান। তার মতে, ভক্তদের এই মার্জিত ও ভালোবাসাপূর্ণ আচরণই তার সবচেয়ে বড় শক্তি।