ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস-এর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন আলোচনা। বুধবার সন্ধ্যায় এক যুবকের সঙ্গে ছবি প্রকাশ করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেত্রী। ফেসবুক পোস্টে ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে সেই ব্যক্তিকে নিজের ‘প্রিয় বন্ধু’ ও ‘বিজনেস মেন্টর’ বলে উল্লেখ করেছেন তিনি। তাঁর কাছ থেকেই ব্যবসা শেখা, স্বপ্ন বাস্তবায়নের সাহস ও নিজের কিছু করার অনুপ্রেরণা পাওয়ার কথা জানিয়েছেন অপু।

অপুর এই ব্যক্তিগত ও উষ্ণ শুভেচ্ছাবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের। পোস্টে অপু লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় বন্ধু, আমার বিজনেস মেন্টর…।’ ওই ব্যক্তির কাছ থেকেই ব্যবসাকে নতুনভাবে চিনতে শিখেছেন জানিয়ে তিনি আরও লেখেন, স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস এবং নিজের কিছু করার অনুপ্রেরণাও তিনি তাঁর কাছ থেকেই পেয়েছেন। জীবনের পথচলায় তাঁর এই অবদানকে অত্যন্ত মূল্যবান উল্লেখ করে অভিনেত্রী জানান, শুধু ব্যবসায়িক পরামর্শদাতা হিসেবে নয়, বরং একজন ভালো বন্ধু হিসেবেও তাঁর এই পাশে থাকাটা ভীষণ আনন্দের।

পোস্টের শেষাংশে ওই ব্যক্তির সাফল্য কামনা করার পাশাপাশি বন্ধুত্ব ও একসঙ্গে পথচলা আরও দীর্ঘ হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন অপু বিশ্বাস। জানা গেছে, ছবিতে অপুর সঙ্গে থাকা ওই সিঙ্গাপুরপ্রবাসী ব্যবসায়ীর নাম ফেরদৌস হাসান। গত কয়েক বছর ধরে অভিনয়ের বাইরে নিয়মিত ব্যবসা চালিয়ে যাচ্ছেন এই চিত্রনায়িকা, আর এই ব্যবসায়িক যাত্রায় তাঁর মেন্টর ও বন্ধু হিসেবেই পাশে রয়েছেন এই ব্যক্তি।