কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তারকাদের চেহারা বসিয়ে তৈরি করা আপত্তিকর ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে চলা নানা আলোচনা-সমালোচনার মুখে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী
এমন পরিস্থিতিতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মেহজাবীন লিখেছেন, এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা এবং কাউকে হেয় করার উদ্দেশ্যে তা ছড়িয়ে দেওয়া কোনো বিনোদন নয়, এটি একটি স্পষ্ট অপরাধ। তাঁর মতে, যখন একই ধরনের কনটেন্ট হাজার হাজার মানুষ শেয়ার করতে থাকেন, তখন বিষয়টি শুধু একজনের অপরাধে সীমাবদ্ধ থাকে না, বরং এটি একটি বড় সামাজিক সমস্যা হিসেবে সামনে আসে।
সামাজিক মাধ্যমে ভিউ, লাইক ও ট্রেন্ডিংয়ে থাকার প্রতিযোগিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অভিনেত্রী প্রশ্ন তোলেন, কবে থেকে অন্য মানুষের অপমান আর অসম্মান উপার্জনের মাধ্যম হয়ে উঠল? জনপ্রিয়তার আশায় কাউকে অপদস্থ করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেন, শুধু যারা কনটেন্ট তৈরি করছেন তা নয়, বরং যারা স্বেচ্ছায় এসব শেয়ার করছেন এবং আলোচনা বাড়াচ্ছেন, তাদের বিবেক নিয়েও ভাবার সময় এসেছে।