ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই নিজের নানা লুক ও ফটোশুটের ছবি প্রকাশ করে ভক্তদের নজর কাড়েন। তবে সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিন্নধর্মী ফটোশুট ঘিরে বেশ আলোচনা তৈরি হয়েছে। একটি লাইব্রেরির মনোরম পরিবেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলি’ হাতে স্টাইলিশ স্যুটে ধরা দিয়েছেন তিনি।

প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, ধূসর-বাদামি রঙের মার্জিত ও আধুনিক টু-পিস স্যুট পরেছেন অপু বিশ্বাস। তবে পোশাক ও সাজসজ্জার বাইরেও পেছনের থরে থরে সাজানো বই এবং তাঁর হাতে থাকা ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থটি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। বইটির পাতায় চোখ বুলিয়ে কিংবা মাথায়-মুখে ঠেকিয়ে ভিন্ন ভিন্ন ভঙ্গিমায় ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে অপু লিখেছেন এক অনুপ্রেরণামূলক বার্তা, ‘ভবিষ্যত অনুমানের সবচেয়ে সেরা উপায় হলো ভবিষ্যতটা নিজেই তৈরি করে নেওয়া।’

ব্যতিক্রমী এই অবহে অপুকে দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন তাঁর অনুরাগীরা। মন্তব্যের ঘরে অনেকেই তাঁর সৌন্দর্যের প্রশংসা করার পাশাপাশি শৈশবের স্মৃতি রোমন্থন করেছেন। কাজের ক্ষেত্রে, অপু বিশ্বাস সম্প্রতি কামরুজ্জামান রোমান পরিচালিত ‘শিকার’ নামের একটি সিনেমার শুটিং শেষ করেছেন, যার বড় একটি অংশের দৃশ্যধারণ হয়েছে নেপালে। তবে সিনেমাটিতে অপুর সহশিল্পী মরতুজা পলাশ আইনি জটিলতায় বর্তমানে কারাগারে থাকায় ছবিটির বাকি অংশের কাজ এখন কিছুটা অনিশ্চয়তার মুখে পড়েছে।