বিয়ের দুই বছর পর প্রথমবার মা হলেন টলিউড অভিনেত্রী সোহিনী সরকার। সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার সংসারে এসেছে নতুন অতিথি। আবেগঘন বার্তায় ভক্তদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সোহিনী লিখেছেন, “আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো, সোহিনী ও শোভন।” তার এই পোস্টের পরই শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে উঠেছে ভক্তদের প্রতিক্রিয়া।
চলতি বছরের জুন মাসে প্রথমবার সোহিনীর মা হওয়ার খবর ছড়িয়ে পড়ে। তবে তখন বিষয়টি নিয়ে সোহিনী ও শোভন আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। অবশেষে সুখবরটি নিজেরাই প্রকাশ করলেন এই তারকা দম্পতি।
এর আগে ২০২৪ সালের ১৫ জুলাই ঘরোয়া আয়োজনে শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সোহিনী সরকার। বেশ গোপনীয়তা বজায় রেখেই সম্পন্ন হয়েছিল তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।
কাজের দিক থেকে সম্প্রতি সোহিনীকে দেখা গেছে ‘ফেরা’ সিনেমায়। তবে মাতৃত্বের এই বিশেষ সময়টি সন্তানের সঙ্গে কাটাতেই আপাতত অভিনয় থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নতুন কোনো কাজও হাতে নিচ্ছেন না অভিনেত্রী।