ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা বলতে দেখা যায় না পাকিস্তানি অভিনেত্রী সাবা কামারকে। প্রেম কিংবা বিয়ের বিষয়েও সাধারণত প্রকাশ্যে মন্তব্য করেন না তিনি। তবে এবার লন্ডনে ভক্তদের সঙ্গে এক অনুষ্ঠানে নিজের পুরোনো প্রেমের গল্প শেয়ার করেছেন অভিনেত্রী। জানিয়েছেন, কয়েক বছর আগে নিজের একটি ছবির সহশিল্পীর প্রেমে পড়েছিলেন তিনি।
লন্ডনে প্রথমবারের মতো ভক্তদের সঙ্গে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে অংশ নেন সাবা। ক্রিয়েটিভ টিমস আয়োজিত ওই অনুষ্ঠানে এসকেটি ওয়েলফেয়ারের জন্য অর্থ সংগ্রহ করা হয়। সেখানেই ব্যক্তিগত জীবনের সেই পুরোনো অধ্যায়ের কথা জানান তিনি।
সাবা বলেন, তিন-চার বছর আগে একটি ছবির সহশিল্পীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন তিনি। এমনকি ওই অভিনেতার প্রেমেও পড়েছিলেন। তবে সেই অভিনেতার নাম প্রকাশ করেননি সাবা। শুধু জানিয়েছেন, সেই ব্যক্তি এখন বিবাহিত।
অভিনেত্রীর ভাষায়, “সে এখন বিবাহিত। বিষয়টি সত্যিই অদ্ভুত লাগে। ঘটনাটি অনেক দিন আগের। যদিও হয়তো এতটা আগেও নয়, সম্ভবত দুই বা চার বছর আগে। তবে আমি তাঁর প্রতি আকৃষ্ট হয়েছিলাম। আমি তাঁর প্রেমে পড়েছিলাম। হয়তো তাঁর চরিত্রের প্রেমে পড়েছিলাম।”
সাবা আরও স্পষ্ট করেন, তিনি কোনো টেলিভিশন অভিনেতার কথা বলছেন না। ওই ব্যক্তির সঙ্গে একটি চলচ্চিত্রে কাজ করেছিলেন তিনি। নিজের অভিনীত সিনেমার সংখ্যা মনে করতে গিয়ে অনুষ্ঠানে মজাও করেন অভিনেত্রী।
বিষয়টি নিয়ে অনুষ্ঠানের সঞ্চালকও মজা করে সাবার অভিনীত সিনেমার তালিকা বের করে ওই অভিনেতাকে খুঁজে বের করার কথা বলেন। এমনকি গুগলে খোঁজার কথাও বলেন তিনি। তবে সাবা সঙ্গে সঙ্গে তা থামিয়ে দেন। অনুরোধ করেন বিষয়টি বাদ দিতে এবং তার পুরোনো বক্তব্য যেন কেউ ব্যবহার না করেন।
পুরোনো সেই প্রেমের অভিজ্ঞতা থেকে কীভাবে বেরিয়ে এসেছিলেন, সেটিও অনুষ্ঠানে জানান সাবা। এ ক্ষেত্রে তার ১৪ বছর বয়সী এক ভাগনির মজার মন্তব্য তাকে সাহায্য করেছিল বলে জানান অভিনেত্রী।
সাবা বলেন, তার ভাগনি তাকে বলেছিল, “খালা, আপনি তো জঙ্গলে কাজ করছিলেন। আশপাশে কেউ ছিল না। তাই আপনার মাথা খারাপ হয়ে গিয়েছিল।” ভাগনির সেই মন্তব্যই নাকি বিষয়টি থেকে বেরিয়ে আসতে তাকে সাহায্য করেছিল।
সাবার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে কৌতূহল। অভিনেত্রী নাম প্রকাশ না করায় এখন আলোচনার কেন্দ্রে একটাই প্রশ্ন, কে সেই চলচ্চিত্র অভিনেতা, যার প্রেমে পড়েছিলেন সাবা কামার?
চলচ্চিত্র ও টেলিভিশন দুই মাধ্যমেই নিয়মিত কাজ করছেন সাবা। ২০২২ সালে জাহিদ আহমেদের সঙ্গে ‘ঘবরানা নেহি হ্যায়’ সিনেমায় অভিনয় করেন তিনি। একই বছর সানিয়া সাঈদ ও নিমরা বুচারের সঙ্গে ‘কমলি’ সিনেমায় দেখা যায় তাকে। এই সিনেমার জন্য ২০২৩ সালে লাক্স স্টাইল অ্যাওয়ার্ডে সেরা চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কার পান সাবা।
টেলিভিশনেও একাধিক আলোচিত কাজে দেখা গেছে তাকে। ‘ফ্রড’, ‘মিসেস অ্যান্ড মিস্টার শামীম’, ‘সার-ই-রাহ’, ‘গুনাহ’, ‘তুমহারে হুসন কে নাম’ ও ‘সিরিয়াল কিলার’-এর মতো ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ২০২৪ সালে ‘পাগলখানা’ এবং ২০২৫ সালে ‘কেস নম্বর ৯’, ‘পামাল’ ও ‘মুয়াম্মা’য় অভিনয় করেন সাবা। ২০২৬ সালে ‘খুদা গওয়াহ’ ধারাবাহিকেও দেখা গেছে তাকে। সামনে হাম টিভির ‘হুরমত’ ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করার কথা রয়েছে তার।
ক্যারিয়ারের শুরুর দিকেও একাধিক প্রশংসিত কাজ রয়েছে সাবার। ২০১৭ সালের ‘বাঘি’ ধারাবাহিকে কন্দিল বালোচের চরিত্রে অভিনয় করে লাক্স স্টাইল অ্যাওয়ার্ডে সেরা টিভি অভিনেত্রীর পুরস্কার পান তিনি। ২০১৯ সালের ‘চীক’ ধারাবাহিকেও তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছিল।