‘হ্যাপিলি সিঙ্গেল’ জীবন কাটাচ্ছেন চিত্রনায়ক আরিফিন শুভ। কাজের প্রয়োজনে কখনো দেশে, কখনো দেশের বাইরে থাকছেন তিনি। গত কোরবানির ঈদে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘মালিক’। সিনেমাটি মুক্তির পর আবারও দেশের বাইরে চলে যান অভিনেতা। এর আগে দীর্ঘ সময় দেশের বাইরে থেকে সনি লিভ অরিজিনাল সিরিজ ‘জ্যাজ সিটি’তে অভিনয় করেছেন শুভ। সিরিজটিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।

কাজের ব্যস্ততায় ছুটে চলা শুভর জীবনে নতুন কোনো সম্পর্ক আসবে কি না, তা নিয়েও কৌতূহল রয়েছে ভক্তদের। কিছুদিন আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি। পরে জানা যায়, সেটি তাঁর ব্যক্তিজীবনের ঘোষণা নয়, চরকি অরিজিনাল ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এর প্রচারণা। তবে বাস্তব জীবনে কবে ‘হ্যাপিলি ম্যারিড’ হবেন, সেই প্রশ্ন থেকেই গেছে।

এ বিষয়ে আরিফিন শুভ বলেন, জন্ম, মৃত্যু ও বিয়ে ওপরওয়ালার নির্ধারণ করা বিষয়। বর্তমানে তিনি ‘হ্যাপিলি সিঙ্গেল’ থাকলেও তাঁর উপলব্ধি হয়েছে, মানুষ সম্ভবত একা থাকার জন্য তৈরি নয়। তাঁর মতে, মানুষ একা বাঁচতে পারে না।

২০২৪ সালের জানুয়ারিতে মাকে হারান আরিফিন শুভ। মায়ের মৃত্যুসহ ব্যক্তিজীবনের বেশ কিছু ঘটনা তাঁকে গভীরভাবে নাড়া দেয়। একটা সময় নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছিলেন তিনি। তবে সেই সময় পেরিয়ে এখন জীবন ও সম্পর্ক নিয়ে তাঁর ভাবনায়ও পরিবর্তন এসেছে। শুভর ভাষ্য, মানুষ একা থাকার জন্য জীবন ধারণ করে না। সেটি শুধু বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রেই প্রযোজ্য নয়। তবে বিয়ের কথা বলতে গেলে, ভবিষ্যতে তাঁর জীবনে আবারও সম্পর্ক বা বিয়ে আসতে পারে। কখন হবে, তা ওপরওয়ালাই জানেন বলে মন্তব্য করেন তিনি।

দেশের বাইরে থাকার কারণ শুধু কাজ, নাকি সেখানে নতুন করে ঘর বাঁধার কোনো পরিকল্পনা রয়েছে, সে বিষয়ে অবশ্য কোনো ইঙ্গিত দেননি শুভ। নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে বলেছেন, ‘আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পাবেন।’

একসময় জীবন নিয়ে অনেক পরিকল্পনা করতেন আরিফিন শুভ। কোন পথে এগোবেন, কীভাবে এগোবেন, তা নিয়ে নির্দিষ্ট পরিকল্পনাও ছিল। তবে এখন জীবনকে আর কঠোর কোনো ছকে বাঁধতে চান না তিনি। তাঁর মতে, জীবনের একেক সময়ে মানুষের উপলব্ধি বদলে যায়। তাই বর্তমানে নির্দিষ্ট কোনো পরিকল্পনা বা কৌশল না রেখে জীবনের স্রোত যেদিকে নিয়ে যাবে, সেভাবেই এগিয়ে যেতে চান।

শুভ মনে করেন, জীবনের স্রোতের সঙ্গে ভেসে থাকাই হয়তো শান্তিপূর্ণ জীবন। সেই স্রোতকে বোঝার এবং তার সঙ্গে তাল মিলিয়ে জীবনকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি। তাই ‘হ্যাপিলি সিঙ্গেল’ থেকে ‘হ্যাপিলি ম্যারিড’ হওয়ার সম্ভাবনা থাকলেও এর উত্তর আপাতত নিজের কাছেই রেখেছেন অভিনেতা।

তবে পর্দার ‘হ্যাপিলি ম্যারিড’ নিয়ে কথা বলতে গিয়ে বিয়ে ও দাম্পত্য জীবন সম্পর্কেও নিজের উপলব্ধির কথা জানিয়েছেন শুভ। তাঁর মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে সুখী দাম্পত্যের ছবি বা নির্দিষ্ট কিছু দৃশ্যমান বিষয় থাকলেই একটি সম্পর্ককে ‘হ্যাপিলি ম্যারিড’ বলা যায় না। বরং পারস্পরিক বোঝাপড়া, দেওয়া-নেওয়া ও সমঝোতার মতো ছোট ছোট বিষয়ই একটি বিবাহিত জীবনকে স্থিতিশীল ও সুন্দর করে তোলে। তাঁর ভাষায়, ‘হ্যাপিলি ম্যারিড’ আসলে বিয়ের পরের গল্প।


#ArifinShuvoo #আরিফিন_শুভ