দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর বড় পর্দায় ফিরেছে ইমরান হাশমির জনপ্রিয় কাল্ট সিনেমা ‘আওয়ারাপন’-এর সিক্যুয়েল ‘আওয়ারাপন ২’। ১৪ আগস্ট দেশজুড়ে মুক্তির পর প্রথম দিনেই বক্স অফিসে দুর্দান্ত সাড়া ফেলেছে সিনেমাটি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির প্রথম দিনেই ভারতে সিনেমাটির নিট আয় দাঁড়িয়েছে ২১ কোটি রুপি, আর বিশ্বব্যাপী মোট সংগ্রহের পরিমাণ পৌছেছে ২৭ কোটি ২০ লাখ রুপিতে। প্রথম দিনে ভারতের ৯ হাজার ৩৩টি শোতে গড়ে ৪৫.৭৩ শতাংশ দর্শক উপস্থিতি ছিল, যার মধ্যে দিল্লি-এনসিআর এবং মুম্বাই অঞ্চলে সাড়া ছিল সবচেয়ে বেশি।

একই দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সানি দেওল ও প্রীতি জিনতার বিগ বাজেট সিনেমা ‘বাটওয়ারা ১৯৪৭’। তবে আয়ের লড়াইয়ে সানির ছবিকে বেশ ব্যবধানে পেছনে ফেলে দিয়েছে ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’। প্রথম দিনে ‘বাটওয়ারা ১৯৪৭’ বিশ্বব্যাপী মাত্র ৮ কোটি ৩৪ লাখ রুপি তুলতে সক্ষম হয়েছে। দ্বিতীয় দিনেও প্রেক্ষাগৃহে ‘আওয়ারাপন ২’-এর প্রভাব অব্যাহত ছিল; শনিবার বিকেল পর্যন্ত ভারতের বাজারে আরও ১২ কোটি ৬০ লাখ রুপি যোগ করে মোট আয় দাঁড়িয়েছে ৪১ কোটি ২৭ লাখ রুপিতে। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, খুব শিগগিরই ৫০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করবে এই ছবি।

২০০৭ সালে মুক্তি পাওয়া প্রথম ‘আওয়ারাপন’ তৎকালীন সময়ে বক্স অফিসে সাফল্য না পেলেও সময় গড়ানোর সাথে সাথে দর্শকদের কাছে এটি কাল্ট সিনেমার মর্যাদা পায়। প্রায় দুই দশক পর নীতিন কক্করের পরিচালনায় নির্মিত এই দ্বিতীয় কিস্তিতে ইমরান হাশমির পাশাপাশি অভিনয় করেছেন দিশা পাটানি, শাবানা আজমি, পুরাণ গাব্বি ও অনিরুদ্ধ রাওয়াল।

চলচ্চিত্রটির এই অভাবনীয় সাফল্যের পরই তৃতীয় কিস্তির ইঙ্গিত দিয়েছেন ইমরান হাশমি। দর্শকদের ভালোবাসাকেই এই ফ্র্যাঞ্চাইজির আসল মূলধন আখ্যা দিয়ে তিনি জানান, নির্মাতাদের চেয়ে ‘আওয়ারাপন’ দর্শকদের কাছে বেশি স্পেশাল। শিগগিরই ‘আওয়ারাপন ৩’ নিয়ে আসার আশা প্রকাশ করলেও নির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।