বলিউডের আইকনিক আইকনিক চরিত্রগুলোর মধ্যে রাজশ্রী প্রোডাকশনের ‘প্রেম’ অন্যতম। সালমান খানের হাত ধরে নব্বইয়ের দশকে শুরু হওয়া এই চরিত্রটি ভারতীয় সিনেমা দর্শকদের কাছে এক অনন্য রোমান্টিক প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। এবার সালমান খানের সেই ঐতিহ্য বহন করে নতুন ‘প্রেম’ হিসেবে পর্দায় হাজির হচ্ছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। পরিচালক সূরজ বরজাতিয়ার নতুন সিনেমা ‘ইয়ে প্রেম মোল লিয়া’-তে তাঁর বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী শর্বরী বাগকে। 

সম্প্রতি মুম্বাইয়ের ঐতিহ্যবাহী রয়েল অপেরা হাউসে এক জমকালো সংগীতসন্ধ্যার মাধ্যমে প্রকাশ করা হয় ছবিটির গান। আয়োজনে সূরজ বরজাতিয়ার সঙ্গে কাজ করার দারুণ অভিজ্ঞতার কথা শোনান আয়ুষ্মান ও শর্বরী। ছোটবেলায় ‘হাম আপকে হ্যায় কৌন...!’ সিনেমা দেখে প্রেম চরিত্রটির প্রেমে পড়েছিলেন জানিয়ে আয়ুষ্মান বলেন, ১৫ বছর বয়সে দেশের মানুষের প্রিয় নায়ক হওয়ার স্বপ্নের কথা তিনি কল্পনাও করতে পারেননি। এছাড়া সেটে প্রতিবার পরিচালকের বিনম্র আচরণ ও পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়ার অভিজ্ঞতার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন এই অভিনেতা।

অন্য দিকে অভিনেত্রী শর্বরী বাগ জানান, ছোটবেলা থেকে ‘মাইয়া যশোদা’ কিংবা ‘দিদি তেরা দেবর দিওয়ানা’র মতো গান দেখে বড় হওয়ার পর সেই রাজশ্রী প্রোডাকশনে সুযোগ পাওয়া তাঁর কাছে স্বপ্নের মতো। হিমেশ রেশমিয়ার চমৎকার সুর ও সংগীতে সাজানো এই পারিবারিক চলচ্চিত্রটি ভারতীয় সাধারণ দর্শকদের হৃদয়ে ছুঁয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিল্পীরা। আগামী ২৭ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ইয়ে প্রেম মোল লিয়া’।