ভারতের খ্যাতিমান পরিচালক এস এস রাজামৌলির বহুপ্রতীক্ষিত নতুন সিনেমা ‘বারাণসী’-র টাইটেল উন্মোচন অনুষ্ঠানটি জমকালোভাবে অনুষ্ঠিত হলেও কারিগরি ত্রুটির কারণে তা সাময়িকভাবে বিঘ্নিত হয়। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ব্যাকস্টেজে চরম দুশ্চিন্তা ও মানসিক চাপে কেঁদে ফেলেছিলেন রাজামৌলির ছেলে ও ছবির অন্যতম প্রযোজক এস এস কার্তিকেয়।
প্রতিবেদনে জানা যায়, হায়দরাবাদে আয়োজিত এই অনুষ্ঠানে মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া এবং পৃথ্বীরাজ সুকুমারনের মতো প্রথম সারির তারকারা উপস্থিত ছিলেন। বিশ্বজুড়ে সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই ইভেন্টে টেকনিক্যাল বিভ্রাটের ঘটনা ঘটে। পরবর্তীতে এক প্রচারণামূলক ভিডিওতে সঞ্চালক সুমার সঙ্গে আলাপকালে কার্তিকেয় জানান, “টেনশনে ভেতরে যেন যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। কারোর ওপর রাগ করার উপায় ছিল না, কারণ এটা কারোর ভুল ছিল না। ড্রোন ও অন্যান্য জটিল বিষয় আগে পরীক্ষা করার সময় পাওয়া যায়নি। অবশেষে তৃতীয় চেষ্টায় যখন স্ক্রিন প্লে হলো, আমি উল্লাসে চিৎকার করে উঠেছিলাম।”
সঞ্চালক সুমা জানান, কেবল কার্তিকেয়ই নন, পরিস্থিতি সামলাতে গিয়ে রাজামৌলির স্ত্রী রমা রাজামৌলিসহ আয়োজকদের অনেকেই আবেগে চোখের জল ধরে রাখতে পারেননি। পরিস্থিতি যখন জটিল ছিল, তখন মহেশ বাবুর স্ত্রী নম্রতা শিরোদকরকে প্রার্থনা করতে দেখা যায়। সকল বাধা পেরিয়ে অনুষ্ঠানটি সফলভাবে শেষ হয়। বিজয়া দশমীর আবহকে সামনে রেখে মহেশ বাবু ও প্রিয়াঙ্কা চোপড়ার এই বিগ বাজেট পিরিয়ড ড্রামাটি আগামী ২০২৭ সালের ৭ এপ্রিল প্রেক্ষাগৃহে বিশ্বব্যাপী মুক্তি পাবে।