ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলা ও হয়রানির অভিযোগ করেছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দেশে ফেরার পর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার বাসায় গিয়ে পরিবারের খোঁজখবর নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়েছেন বাঁধন নিজেই।

পোস্টে বাঁধন লেখেন, ‘আমার ও আমার পরিবারের খোঁজ নিতে আমাদের বাসায় এসেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবির সাহেব। তার এই আন্তরিকতা, সৌজন্য এবং দায়িত্বশীলতার জন্য আমি গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, কঠিন সময়ে রাষ্ট্রের পক্ষ থেকে পাশে দাঁড়ানোর এই উদ্যোগ তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছে এবং রাষ্ট্রের প্রতি তার আস্থাও আরও দৃঢ় করেছে।

ইতালিতে ঘটে যাওয়া ঘটনার পর বাংলাদেশ সরকার, বাংলাদেশ দূতাবাস, ইতালীয় সরকার ও পুলিশ বিভাগসহ যারা তার ও পরিবারের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান বাঁধন।

অভিনেত্রী বলেন, ‘একজন নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিয়ে কোনো আপস হতে পারে না।’ অন্যায়, ভয় ও বিভাজনের বিরুদ্ধে ঐক্য, সাহস এবং মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধকে সবচেয়ে বড় শক্তি বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে ভেনিসে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে গিয়ে হামলার অভিযোগ করেন বাঁধন। ঘটনাটি নিয়ে বাংলাদেশ ও ইতালিতে আলোচনা তৈরি হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও এর আগে ঘটনাটিকে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আঘাত হিসেবে উল্লেখ করেছিলেন।