সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে জীবনের উত্থান-পতন ও নিজের ভেতরের আলো নিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন অভিনেত্রী পূর্ণিমা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জীবনে উত্থান-পতন আসবেই। তবে নিজের ভেতরের ঝড়গুলোকে কখনোই তোমার বয়ে চলা আলোর চেয়ে বেশি উজ্জ্বল হতে দিও না।’

পূর্ণিমার এই কথায় কঠিন সময়েও ইতিবাচকতা ধরে রাখার বার্তা ফুটে উঠেছে। পরিস্থিতি যতই প্রতিকূল হোক, নিজের ভেতরের শক্তি ও আলোকে ম্লান হতে দেওয়া উচিত নয় বলেই যেন নিজের উপলব্ধির কথা জানিয়েছেন তিনি।

অভিনেত্রীর এমন বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তার অনুসারীরাও। পোস্টটির মন্তব্যের ঘরে নিজেদের অনুভূতি জানিয়েছেন অনেকে। একজন লিখেছেন, ‘ঝড় আসবেই, কিন্তু নিজের ভেতরের আলোটা যেন কখনো নিভে না যায় এটাই জীবনের আসল শক্তি।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘ঠিক বলেছেন, জীবনে যা কিছু হোক থেমে থাকা যাবে না।’

প্রসঙ্গত, জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পূর্ণিমার। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয়ের সময় তিনি ছিলেন নবম শ্রেণির শিক্ষার্থী।

ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয়ের পাশাপাশি সৌন্দর্যের কারণেও দর্শকদের নজর কাড়েন পূর্ণিমা। ‘মিস ডায়না’ ও ‘কাল্লু মামা’সহ বেশ কিছু সিনেমায় তার উপস্থিতি সে সময় দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দেয়।