চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গলার অস্ত্রোপচার জরুরি হলেও আপাতত সেই চিকিৎসা পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। দর্শকদের দেওয়া কথা রাখতে এবং ওটিটিতে প্রচার চলতি জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর সম্প্রচার নিরবচ্ছিন্ন রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

জানা গেছে, এখনই গলার অস্ত্রোপচার করালে দীর্ঘ সময় শুটিং থেকে দূরে থাকতে হবে অমিকে। এতে সরাসরি প্রভাব পড়বে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নির্মাণ ও সম্প্রচারে। প্রতি মাসে নিয়ম অনুযায়ী আটটি করে পর্ব বা নতুন অধ্যায় প্রকাশ করাও তখন সম্ভব হবে না। ফলে দেশ-বিদেশের সাবস্ক্রাইব করা দর্শকদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

এ কারণে আপাতত নিজের চিকিৎসার চেয়ে ধারাবাহিকটির কাজ শেষ করাকেই অগ্রাধিকার দিয়েছেন অমি। এক ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, দর্শকদের ভালোবাসার প্রতি তিনি দায়বদ্ধ। অস্ত্রোপচার করালে দীর্ঘ সময় সব ধরনের কাজ থেকে দূরে থাকতে হবে বলেও জানান এই নির্মাতা।

অমি বলেন, এই অবস্থায় সার্জারি করলে তাঁকে দীর্ঘ সময় সবকিছু থেকে দূরে থাকতে হবে। তাই ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ শেষ করে এরপর সার্জারি করানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পাশাপাশি সফলভাবে সিরিয়ালের কাজ শেষ করে অস্ত্রোপচার সম্পন্ন করতে পারেন এবং সুস্থ হয়ে ফিরতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন অমি।

এর আগে গত জুনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন কাজল আরেফিন অমি। আচমকা তাঁর কণ্ঠস্বর বন্ধ হয়ে গেলে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর গলার ভোকাল কর্ডে একটি পলি সিস্ট রয়েছে বলে জানা যায়।

তখন চিকিৎসকেরা তাঁকে সাত দিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পাশাপাশি কথা বলা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিলেন। কিছুটা সুস্থতা অনুভব করলেও তিন মাস পেরিয়ে যাওয়ার পরও সমস্যাটি পুরোপুরি সেরে ওঠেনি।

চূড়ান্ত সুস্থতার জন্য চিকিৎসকেরা দ্রুত গলার অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। তবে আপাতত সেই অস্ত্রোপচার না করিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর কাজ শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন অমি। দর্শকদের প্রতিশ্রুতি পূরণ করার পরই চিকিৎসায় মনোযোগ দিতে চান জনপ্রিয় এই নির্মাতা।