ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলা ও হয়রানির অভিযোগের পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

বাঁধন বলেন, ভেনিসে তার ওপর যারা হামলা চালিয়েছেন, তাদের এই বর্বরতা বন্ধ করা উচিত। এমন ঘটনায় বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে দলকে ভালোবেসে কেউ যেন এমন কর্মকাণ্ডে না জড়ান, সেই আহ্বান জানান অভিনেত্রী।

ইতালির পুলিশের ভূমিকার কথা তুলে ধরে বাঁধন জানান, ঘটনার পর তাকে ২৪ ঘণ্টা নিরাপত্তা দেওয়া হয়েছিল। দেশটিতে অবস্থানের সময় স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকেও সহযোগিতা পেয়েছেন তিনি।

তবে এ সময় নিজের টিমের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বাঁধন। সাংবাদিকদের তিনি বলেন, ‘সবাই আমাকে হেল্প করলেও আমার টিম আমাকে ত্যাজ্য করেছে এবং ভেনিসে তাদের সঙ্গে থাকতে নিষেধ করেছে! এরপর টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল থেকেও তারা আমাকে বাদ দিয়েছে।’

এর আগে ৭ সেপ্টেম্বর রাতে ইতালির মেস্ত্রে এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে থাকার সময় একদল প্রবাসী বাংলাদেশির বিরুদ্ধে তাকে হেনস্তা ও হামলার অভিযোগ করেছিলেন বাঁধন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনের সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। অভিযোগ অনুযায়ী, তার দিকে পানি ও কোমল পানীয় ছোড়া হয় এবং শারীরিকভাবে আঘাতও করা হয়।

ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ করেন বাঁধন। ইতালির পুলিশ ভিডিও ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা শুরু করে। বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট থেকেও তাকে আইনি ও অন্যান্য সহায়তা দেওয়ার কথা জানানো হয়। বাংলাদেশ সরকারও ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিষয়টি তোলার কথা জানিয়েছিল।

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাঁধন গিয়েছিলেন রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে। ৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসবে সিনেমাটি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ অর্জন করেছে। সিনেমার প্রদর্শনী ও হামলার ঘটনাকে ঘিরে আন্তর্জাতিকভাবেও আলোচনায় আসেন এই অভিনেত্রী।