ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলা ও হেনস্তার শিকার হওয়ার পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ভেনিসের ঘটনার প্রসঙ্গে বাঁধন বলেন, হামলাকারীরা মনে করছে তারা পার পেয়ে যাবে। তবে তাঁর দাবি, তাঁকে শুধু দূর থেকে গালাগাল বা স্লোগান দেওয়া হয়নি, বরং শারীরিকভাবেও আক্রমণ করা হয়েছে। তাঁর ভাষায়, হামলাকারীদের এই ‘বর্বরতা’ বন্ধ হওয়া প্রয়োজন। এমন আচরণের মাধ্যমে তারাই নিজেদের অবস্থানকে অনিরাপদ করে তুলছে বলেও মন্তব্য করেন তিনি।

বাঁধনের মতে, ভেনিসে তাঁর ওপর হামলার ঘটনায় দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের একটি অংশের এমন আচরণের কারণে বিদেশিরা বাংলাদেশিদের সম্পর্কে নেতিবাচক ধারণা পেতে পারেন বলে মন্তব্য করেন তিনি।

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকার কারণেই তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন বাঁধন। তাঁর দাবি, হামলাকারীদের মধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা ছিলেন। উল্লেখ্য, আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ।

আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশে বাঁধন বলেন, দলকে ভালোবাসা বা সমর্থন করা ব্যক্তিগত বিষয় হলেও ‘দলকানা’ হওয়া উচিত নয়। তাঁর বক্তব্য, রাজনৈতিক নেতাদের উসকানিতে এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো ঠিক হবে না, যার পরিণতিতে সাধারণ কর্মী ও তাঁদের পরিবারকে ভুগতে হয়।

দলটির নেতাদের প্রতিও সতর্কবার্তা দেন এই অভিনেত্রী। তাঁর মতে, আওয়ামী লীগ বড় একটি রাজনৈতিক দল এবং সাময়িকভাবে কার্যক্রম স্থগিত থাকলেও ভবিষ্যতে তারা রাজনীতি করতে পারে। তাই ভবিষ্যতের রাজনীতির রূপরেখা এমন হওয়া উচিত নয়, যার জন্য পরে দলটির নেতাদের লজ্জিত হতে হয়।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিজের টিম নিয়েও অভিযোগ করেন বাঁধন। তাঁর দাবি, ভেনিসে ঘটনার সময় অন্যরা সহযোগিতা করলেও তাঁর টিম তাঁকে ‘ডিজওন’ করেছে। একই সঙ্গে টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল থেকেও তাঁকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

গত সপ্তাহে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার দলের সঙ্গে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেন বাঁধন। ৬ সেপ্টেম্বর সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। প্রিমিয়ার শেষে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে বের হলে হামলা ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন এই অভিনেত্রী।