বিশ্বের অনেক খ্যাতিমান অভিনয়শিল্পীর জীবন নিয়ে বায়োপিক নির্মিত হলেও এখনো বাংলাদেশের কোনো অভিনয়শিল্পীকে নিয়ে এমন সিনেমা তৈরি হয়নি। এবার নিজের বায়োপিক নির্মাণের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা। তবে এ ক্ষেত্রে তাঁর রয়েছে দুটি শর্ত জীবনের গল্প নিখুঁতভাবে তুলে ধরতে হবে এবং মানসম্মত নির্মাণের জন্য পর্যাপ্ত অর্থ বিনিয়োগ করতে হবে।
কয়েক মাস ধরে ছেলের কাছে কানাডায় অবস্থান করছেন ববিতা। সেখান থেকেই নিজের বায়োপিক নিয়ে আগ্রহের কথা জানিয়েছেন তিনি। ববিতার ভাষ্য, বায়োপিকে তাঁর জন্ম, পড়াশোনা, মা-বাবা, পরিবার, চলচ্চিত্রে যাত্রা এবং অভিনেত্রী হয়ে ওঠার পেছনের সংগ্রামের গল্প থাকতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে তাঁর কাজ, অভিনয়ের প্রাপ্তি এবং ব্যক্তিগত জীবনের সুখ-দুঃখও তুলে ধরতে হবে।
গল্পটি মনের মতো হলে বায়োপিকে অভিনয় করতেও আপত্তি নেই ববিতার। তিনি বলেন, ‘কেউ যদি এভাবে সঠিকভাবে গল্পটি লেখেন এবং তা আমার ভালো লাগে, তবেই বায়োপিকে অভিনয় করা যেতে পারে।’
আগে বেশ কয়েকটি সিনেমা প্রযোজনার অভিজ্ঞতা রয়েছে ববিতার। সেই অভিজ্ঞতা থেকে নিজের বায়োপিকের মানের বিষয়ে কোনো ছাড় দিতে চান না তিনি। অভিনেত্রীর কথায়, ‘বায়োপিকটাও হতে হবে আমার জীবনের একদম নিখুঁত বর্ণনা। তা না হলে হয়তো আমাকে নিয়ে বায়োপিক হবে না।’