২০২৬ ফুটবল বিশ্বকাপের মাঠের লড়াইয়ের পাশাপাশি এবার সামাজিক যোগাযোগমাধ্যমেও জমে উঠেছে তারকাদের চিরচেনা ‘ব্রাজিল বনাম আর্জেন্টিনা’ দ্বৈরথ। মাঠের ফুটবলে দলগুলোর দুর্দান্ত পারফরম্যান্সের সাথে তাল মিলিয়ে দেশের শোবিজ অঙ্গনের তারকারাও নিজ নিজ পছন্দের দলকে নিয়ে মেতে উঠেছেন নানামুখী আলোচনা ও তর্কে।
সম্প্রতি জনপ্রিয় সংগীতশিল্পী ও আর্জেন্টিনা সমর্থক ইমরান মাহমুদুল তাঁর ফেসবুক ওয়ালে এবারের বিশ্বকাপের ফাইনাল নিয়ে একটি ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি লিখেছেন, “এবার আর্জেন্টিনা বনাম ফ্রান্স ফাইনাল খেলবে। এটা আমার ধারণা। আপনার ধারণা কী হতে পারে? জানান। দেখি কার তা সত্য হয়।” ইমরানের এই পোস্টে ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে; আর্জেন্টিনার সমর্থকরা যেখানে সহমত প্রকাশ করছেন, সেখানে ব্রাজিল, ইংল্যান্ড বা নেদারল্যান্ডসের সমর্থকরা নিজেদের পছন্দের দলের পক্ষে যুক্তি তুলে ধরছেন।
শুধু ইমরানই নন, ছোট পর্দার নিয়মিত মুখ ও অভিনেতা খায়রুল বাসার ইংল্যান্ডের জয়ে উছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “অভিনন্দন। দ্য হ্যারি কেইন! ইংল্যান্ড দলটাকে রীতিমতো টেনে টেনে এগিয়ে চলছেন।” একই সাথে তিনি বিদায় নেওয়া কঙ্গো দলের গোলকিপারের ভূয়সী প্রশংসা করে তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
অন্যদিকে, নাট্যনির্মাতা ও অভিনেতা কচি খন্দকার কিলিয়ান এমবাপ্পের অতিমানবীয় পারফরম্যান্সে মুগ্ধ হয়ে লিখেছেন, “এমবাপ্পে গুঁড়িয়ে দিল সুইডেনকে! এটাকে আমি দানব বলি! এমবাপ্পে দানব না আগ্নেয়গিরি।”
এদিকে আর্জেন্টিনার আরেক কড়া সমর্থক অভিনেতা ইরফান সাজ্জাদ কিছুটা রসাত্মক ও খোঁচা মেরে ফেসবুকে লিখেছেন, “মেসি আসলেই খারাপ। সবকিছু সেট আপ। এইভাবে আমরা বিশ্বকাপ জিততে চাই না।” তাঁর এই ট্রলধর্মী পোস্টে এক ভক্ত মন্তব্য করেছেন, “এভাবে সহজ দলের সঙ্গে জিততে পারলে তো আর্জেন্টিনাদের বেশি কাপ হবে। এটাই সেরা বিনোদন।”
ব্রাজিলের সমর্থক ও জনপ্রিয় কমেডিয়ান আবু হেনা রনি সেনেগালের বিপক্ষে বেলজিয়ামের দুর্দান্ত কামব্যাক নিয়ে লিখেছেন, “'সেনেগালের জিতে গেছি' ভেবে সময় ক্ষেপণ করা সময়কে কাজে লাগাল বেলজিয়াম। অসাধারণ কামব্যাক।” সব মিলিয়ে মাঠের উত্তেজনা ছাপিয়ে দেশের তারকাদের ফেসবুকের পাতায় চলছে বিশ্বকাপের জমজমাট বিশ্লেষণ ও অফুরন্ত বিনোদন।