বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনকে ঘিরে এফডিসিতে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। এবারের নির্বাচনে নিজে প্রার্থী না হলেও আলোচনায় রয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। পর্দার আড়াল থেকে তিনি সক্রিয়ভাবে কাজ করছেন ‘আরমান-মুক্তি’ প্যানেলের পক্ষে।

সোমবার (২২ জুন) এফডিসিতে উপস্থিত হয়ে নির্বাচন কমিশনের কাছে প্যানেলটির মনোনয়নপত্র জমা দেন বাপ্পারাজ। যদিও এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল তার, শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।

জানা গেছে, পারিবারিক ও ব্যবসায়িক ব্যস্ততার কারণে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেতা। তবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেও তার গড়া প্যানেল নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছে।

বাপ্পারাজের পরিবর্তে সভাপতি পদে প্রার্থী হয়েছেন প্রযোজক আরমান। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।

নিজে প্রার্থী না হয়েও মনোনয়নপত্র জমা দেওয়ার কারণ ব্যাখ্যা করে বাপ্পারাজ বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে প্রার্থী না হলেও এই প্যানেলটি আমারই গড়া। তাই নিজের প্যানেলের মনোনয়নপত্র জমা দিতে আজ এফডিসিতে এসেছি।’

তিনি আরও বলেন, ‘আমি মুক্তিকে আগেই কথা দিয়েছিলাম, নির্বাচনে না থাকলেও তাদের পাশে থাকব। আরমান-মুক্তি প্যানেলের জন্য আমার শুভকামনা সবসময় থাকবে।’

চলচ্চিত্র শিল্পী সমিতির এই বহুল আলোচিত নির্বাচন আগামী ৩ জুলাই এফডিসিতে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু, খোরশেদ আলম ও বি এইচ নিশান।

নির্বাচন ঘিরে চলচ্চিত্র অঙ্গনে ইতোমধ্যেই আলোচনা ও আগ্রহ বাড়তে শুরু করেছে। বিভিন্ন প্যানেল ও প্রার্থীদের প্রচারণাও চলছে জোরেশোরে।