জনপ্রিয় সিরিজ ‘গসিপ গার্ল’-এর সেরেনা ভ্যান ডার উডসেন চরিত্র দিয়ে বিশ্বজুড়ে আলোড়ন তোলা হলিউড অভিনেত্রী ব্লেক লাইভলি পা দিলেন ৩৯ বছরে। ১৯৮৭ সালের ২৫ আগস্ট লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করা এই তারকা অভিনয়ের পাশাপাশি প্রযোজনা, ব্যবসা ও ফ্যাশন জগতেও নিজের পোক্ত অবস্থান তৈরি করেছেন। তাঁর ৩৯তম জন্মদিনে ক্যারিয়ারের সাফল্য, নানা বিতর্ক ও সম্পদের সার্বিক চিত্র নিয়ে বিশেষ প্রতিবেদন।
অভিনয় পরিবারে বেড়ে ওঠা ব্লেক লাইভলি ২০০৫ সালে ‘দ্য সিস্টারহুড অব দ্য ট্রাভেলিং প্যান্টস’ দিয়ে নজরে আসেন। তবে ২০০৭ সালে শুরু হওয়া ‘গসিপ গার্ল’ সিরিজ তাঁকে রাতারাতি আন্তর্জাতিক পপ-সংস্কৃতির আইকনে পরিণত করে। পরবর্তীতে ‘দ্য এজ অব অ্যাডালিন’, ‘দ্য শ্যালোস’ ও ‘আ সিম্পল ফেভার’-এর মতো জনপ্রিয় সিনেমায় নিজের অভিনয়ের বৈচিত্র্য দেখান তিনি। ২০১১ সালে ‘গ্রিন ল্যান্টার্ন’ সিনেমার সেটে সুপারস্টার রায়ান রেনল্ডসের সঙ্গে পরিচয় ও প্রেম, যা ২০১২ সালে বিয়েতে গড়ায়। বর্তমানে চার সন্তানকে নিয়ে তাঁদের সংসার হলিউডের অন্যতম জনপ্রিয় ও পাওয়ার কাপল হিসেবে পরিচিত।
গ্ল্যামার ওয়ার্ল্ডের পাশাপাশি ব্যবসায়ী হিসেবেও ব্লেক সফল; নন-অ্যালকোহলিক ড্রিংক ব্র্যান্ড ‘বেটি বাজ’-এর মাধ্যমে নতুন পরিচিতি পেয়েছেন তিনি। ২০২৬ সালের সর্বশেষ হিসাব অনুযায়ী, তাঁর একক নিট সম্পদের পরিমাণ প্রায় ৩ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭০ কোটি টাকা)। তবে স্বামী রায়ান রেনল্ডসের সঙ্গে তাঁদের সম্মিলিত সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৮ কোটি ডলারের ঘরে। সম্প্রতি ‘ইট এন্ডস উইথ আস’ সিনেমার সহশিল্পী ও পরিচালক জাস্টিন বালডোনির সঙ্গে কর্মক্ষেত্রের পরিবেশ ও আইনি লড়াই নিয়ে আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকলেও নিজের স্বতন্ত্র পরিচয় বজায় রেখেছেন এই তারকা।