দেড় বছর আগে মুক্তি পাওয়া কমেডি সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’ দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। সাত পর্বের এই সিরিজে ট্রাকচালক আব্বাস চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন মোশাররফ করিম। এবার আসছে সিরিজটির দ্বিতীয় কিস্তি। আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে ‘বোহেমিয়ান ঘোড়া ২’-এর শুটিং। প্রথম কিস্তির পরিচালক অমিতাভ রেজা চৌধুরীর সঙ্গে এবার সিরিজটি যৌথভাবে পরিচালনা করবেন তাঁর স্ত্রী ও চলচ্চিত্র নির্মাতা মুশফিকা মাসুদ।

অভিনয়শিল্পীদের শিডিউল ঠিক করার কাজ চলছে বলে জানিয়েছেন অমিতাভ রেজা। প্রথম কিস্তিতে মোশাররফ করিমের পাশাপাশি অভিনয় করেছিলেন রোবেনা রেজা জুঁই, রুনা খান, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, ফারহানা হামিদ, আসমা উল হুসনা ও সারাহ জেবিন। দ্বিতীয় কিস্তিতেও আগের শিল্পীদের অনেকেই থাকবেন বলে জানা গেছে। তবে কয়েকজন অভিনয়শিল্পীর পরিবর্তন হতে পারে। এ বিষয়ে এখনই বিস্তারিত জানাতে চাননি নির্মাতা।

‘বোহেমিয়ান ঘোড়া ২’ অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদের একসঙ্গে প্রথম কাজ নয়। এর আগেও তারা যৌথভাবে বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন। গত নভেম্বরে বিয়ের পর থেকেই বিভিন্ন কাজে একসঙ্গে যুক্ত রয়েছেন তারা। দুজনেই চলচ্চিত্র নির্মাতা হওয়ায় চিত্রনাট্য তৈরি থেকে পরিচালনা পর্যন্ত পুরো সৃজনশীল প্রক্রিয়ায় একে অন্যের সঙ্গে কাজ করছেন।

স্বামী-স্ত্রী হিসেবে একসঙ্গে কাজ করার সুবিধার কথাও জানিয়েছেন অমিতাভ রেজা। তার মতে, দুজনের আলাদা মনন ও অভিজ্ঞতা একই সৃষ্টিশীল কাজে যুক্ত হওয়ায় তারা উপকৃত হচ্ছেন। মুশফিকার কাছ থেকে নতুন ভাবনা ও ভিন্ন দৃষ্টিভঙ্গি পান তিনি। অন্যদিকে বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে কাজের অভিজ্ঞতা এবং দেশের বাস্তবতা সম্পর্কে অমিতাভের ধারণা মুশফিকার কাজেও সহায়ক হচ্ছে বলে জানান নির্মাতা।

ওয়েব সিরিজের পাশাপাশি বড় পর্দাতেও যৌথভাবে কাজ করতে যাচ্ছেন এই দম্পতি। আগামী বছর তারা যৌথভাবে দুটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছেন। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালেই সিনেমা দুটির নির্মাণকাজ শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে নিজের চলচ্চিত্র নিয়েও এগিয়ে যাচ্ছেন মুশফিকা মাসুদ। তাঁর নির্মিত ‘আই অ্যাম শি’ সিনেমাটি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওয়েস্ট মিটস ইস্ট ল্যাবে নির্বাচিত তিনটি প্রকল্পের একটি হয়েছে।