নেটফ্লিক্সে মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে দারুণ সাড়া ফেলেছে আলোচিত তুর্কি ওয়েব সিরিজ ‘নট আ স্ট্রেঞ্জার’। মের্ত বায়কাল পরিচালিত এই সিরিজটি মুক্তির প্রথম সপ্তাহেই নন ইংলিশ সিরিজের তালিকায় শীর্ষস্থান দখল করেছে। প্রথম দুই সপ্তাহে সিরিজটির মোট ভিউ ছাড়িয়ে গেছে ১ কোটি ৪৩ লাখ। বিশ্বজুড়ে তুর্কি সিরিজের ক্রমবর্ধমান জনপ্রিয়তার ধারায় নতুন মাত্রা যোগ করেছে রোমাঞ্চ ও পারিবারিক রহস্যে ভরপুর এই গল্প।

সিরিজটির কেন্দ্রীয় চরিত্র ফুন্দা (এলচিন সাঙ্গু) একজন চিত্রশিল্পী, যিনি মা হওয়ার পর সংসারের চাপে নিজের শিল্পীজীবন থেকে দূরে সরে গেছেন। মেয়ের দেখাশোনার জন্য তিনি নাজলি (মেলিস সেজেন) নামের এক আয়াকে নিয়োগ দেন। কিন্তু বিপত্তি বাধে যখন ফুন্দার স্বামী ইলকার (ওজান দোলুনাই) বাড়ি ফিরে নাজলিকে দেখতে পান এবং চিনতে পারেন যে অতীতে তাঁদের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। স্বামীর পুরোনো এই গোপন সম্পর্ক সামনে আসার পর ফুন্দার সাজানো সংসারে শুরু হয় চরম অশান্তি ও সন্দেহের দোলাচল। চমৎকার চিত্রনাট্য ও টানটান উত্তেজনার কারণে সিরিজটি নিয়ে দর্শকদের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে।