ব্রাইডাল ফটোশুটে প্রায়ই নিজেকে নতুনভাবে মেলে ধরেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবার কনে সাজে ধরা দিলেন তিনি। আর তার সঙ্গে বর বেশে ছিলেন চিত্রনায়ক আদর আজাদ। দুজনের ছবি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন তারা।

সম্প্রতি ফেসবুকে কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করেছেন অপু। সেখানে জলপাই রঙের কারুকাজ করা লেহেঙ্গা, হলুদ ওড়না এবং ভারী গয়নায় কনের সাজে দেখা গেছে তাকে। অন্যদিকে লাল কাজ করা পাঞ্জাবিতে বর সেজেছেন আদর আজাদ।

ফটোশুটে দুজনকে একসঙ্গে বেশ কয়েকটি পোজ দিতে দেখা গেছে। কখনো অপুর লাল দোপাট্টার আড়ালে আদর, আবার কখনো পাশাপাশি দাঁড়িয়ে হাসিমুখে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তারা। তাদের এই রসায়ন নজর কেড়েছে ভক্তদের।

ছবিগুলো প্রকাশ করে অপু লিখেছেন, ‘সোনায় মোড়ানো, ভালোবাসায় নোঙর করা।’

অপু-আদরের একসঙ্গে ছবি দেখে কেউ কেউ তাদের জুটির প্রশংসা করে মন্তব্য করেছেন, দুজনকে বেশ মানিয়েছে। এমনকি কয়েকজনের মন্তব্যে শাকিব খানের সঙ্গে তুলনাও উঠে এসেছে।

এই বিশেষ ফটোশুটের মেকওভার, পোশাক, গহনা, স্টাইলিং ও কনসেপ্টের সঙ্গে যুক্তদেরও কৃতজ্ঞতা জানিয়েছেন অপু। প্রকাশের পর থেকেই তার ও আদর আজাদের টাইমলাইনে ছবিগুলো নিয়ে চলছে আলোচনা।