ব্রেন টিউমার ধরা পড়ার পর অস্ত্রোপচার শেষে প্রথমবারের মতো সামনে এলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গতকাল বুধবার রাতে ফেসবুক লাইভে এসে নিজের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত আপডেট দেন তিনি।
লাইভে তানিয়া জানান, কিছুদিন আগে তাঁর মাথার এক পাশে একটি টিউমার শনাক্ত হয়। পরে চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচার করা হয় এবং সেটি সফল হয়েছে। সাধারণত এ ধরনের অপারেশনে ছয় থেকে আট ঘণ্টা সময় লাগে, তবে তাঁর ক্ষেত্রে প্রায় আড়াই ঘণ্টার মধ্যেই অস্ত্রোপচার শেষ হয়েছে বলে জানান তিনি।
অস্ত্রোপচারের পর কয়েক দিন হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন এই অভিনেত্রী। পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাসায় ফিরেছেন এবং বর্তমানে পুরোপুরি বিশ্রামে আছেন।
অপারেশনের পরের অভিজ্ঞতা শেয়ার করে তানিয়া বৃষ্টি বলেন, ‘চোখ খোলার সঙ্গে সঙ্গেই আমি আম্মুকে খুঁজছিলাম। ডাক্তারকে বলছিলাম যে আমি ঠিক আছি।’ তবে চিকিৎসক তাঁকে আরও কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
নিজের অসুস্থতা নিয়ে ছড়ানো গুজব নিয়েও কথা বলেন তিনি। তানিয়া বলেন, ‘আমার অসুস্থতা নিয়ে অনেক ধরনের সংবাদ হয়েছে। অনেকে জিজ্ঞাসা না করেই বলেছেন, আমি মারা গেছি বা কোমায় আছি। এসব কারণে আমি নিজে থেকে ইচ্ছা করেই কিছু বলতে চাইনি।’
লাইভে তিনি আরও জানান, অস্ত্রোপচার ও নিয়মিত ওষুধ সেবনের কারণে তাঁর ওজন কিছুটা বেড়েছে। তবে সুস্থ হয়ে উঠলে আবার জিমে গিয়ে নিজেকে ফিট করে অভিনয়ে ফিরতে চান।
তানিয়া বৃষ্টি জানান, আসন্ন ঈদে তাঁর কিছু নাটক প্রচারিত হবে। যদিও অসুস্থতার কারণে আগের মতো বেশি কাজ করতে পারেননি।
রমজান মাস নিয়ে ভক্তদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অস্ত্রোপচারের পর প্রতিদিন তিন বেলা বিভিন্ন ধরনের ওষুধ খেতে হচ্ছে। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই সময় তিনি রোজা রাখতে পারছেন না। তবে নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করছেন এবং বাসায় তাহাজ্জুদ নামাজ আদায় করছেন।
সবশেষে তানিয়া বৃষ্টি বলেন, এই কঠিন সময়ে ভক্তদের ভালোবাসা, দোয়া ও সমর্থন তাঁকে মানসিকভাবে অনেক শক্তি দিয়েছে। দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে আবার অভিনয়ের কাজে ফিরতে চান তিনি।