চরম ব্যক্তিগত সংকটের মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, তিনি অস্ট্রিয়ায় নিজের প্রয়াত সন্তানের কবরের সামনে দাঁড়িয়ে অঝোরে কাঁদছেন, যা ভক্তদের হৃদয় নাড়িয়ে দিয়েছে।
ভিডিওটি ধারণ করা হয়েছে অস্ট্রিয়াতে। সেখানে তার মৃত সন্তান শামশেরের কবরের পাশে দাঁড়িয়ে কবরের জায়গাটি পরিষ্কার করতে দেখা যায় অভিনেত্রীকে। মুহূর্তেই তিনি আবেগে ভেঙে পড়েন এবং সন্তানের স্মৃতিতে কান্নায় ভেঙে পড়েন।
সেলিনা জেটলি জানান, এই সময়ে তিনি আরও বড় মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছেন। তার অভিযোগ, স্বামী পিটার হাগ তাকে বাকি সন্তানদের সঙ্গে দেখা করতে দিচ্ছেন না এবং সন্তানরা বর্তমানে কোথায় আছে, তাও তিনি জানেন না।
নিজের আবেগঘন বার্তায় তিনি লিখেছেন, সন্তানদের জন্য তিনি নিজের দেশ, পরিবার, এমনকি ক্যারিয়ারও ছেড়ে দিয়েছিলেন। সেলিনা জেটলি বলেন, বিভিন্ন দেশে ঘুরে সংসার টিকিয়ে রাখার চেষ্টা করলেও বিনিময়ে পেয়েছেন মানসিক যন্ত্রণা ও কষ্ট।
২০১১ সালে পিটার হাগকে বিয়ে করেন সেলিনা। তাদের তিন সন্তান ছিল, যার মধ্যে শামশেরের মৃত্যু তাকে গভীরভাবে আঘাত করে। বর্তমানে সন্তানের অভিভাবকত্ব নিয়ে আদালতে মামলা চলছে।
সবকিছু হারিয়েও ভেঙে না পড়ে সেলিনা জেটলি জানিয়েছেন, তিনি সন্তানদের ফিরে পাওয়ার জন্য শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাবেন।