বগুড়ার নান্দনিক পাঁচতারা হোটেল ও রিসোর্ট ‘মমো ইন’-এর খোলা মাঠে বসেছিল দেশের সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্রদের মিলনমেলা। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘২০তম টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’। সুর ও ছন্দের এই মহতী সন্ধ্যায় সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা।
অনুষ্ঠানে মঞ্চে কনকচাঁপার নাম ঘোষণা করেন বিশিষ্ট অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি। এরপর তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গুণী শিল্পীকে উত্তরীয়, সম্মাননা স্মারক ও চেক তুলে দেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তাপ্রধান শাইখ সিরাজ, টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম এবং ইমপ্রেস চ্যানেল আইয়ের চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদারসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও লোকসংগীতে বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয় শিল্পী কাঙ্গালিনী সুফিয়াকে, যাঁর নাম ঘোষণা করেন প্রখ্যাত অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন।
পুরস্কার বিতরণের পাশাপাশি এদিন তারকাদের পরিবেশনায় মন্ত্রমুগ্ধ ছিল উপস্থিত দর্শক। দুই কিংবদন্তি রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনের জাদুকরী পরিবেশনা অনুষ্ঠানের পূর্ণতা দান করে। এছাড়াও মঞ্চ মাতিয়েছেন তানভীর আলম সজীব ও তাঁর দল, মেহরীন, মাহতিম সাকিব, মো. খুরশীদ আলম, বাপ্পি, লিজা, সাব্বির, লুইপা, ইমরান, কোনাল, অনন্যা, বিউটি, সালমা, আতিয়া আনিসা ও ঝিলিকসহ আরও অনেকে। সংগীতের পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে ছিল চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক আদর আজাদের পারফরম্যান্স। রাজু আলীমের প্রকল্প পরিচালনায় পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অপু মাহফুজ ও নীল হুরেজাহান।