এবারের ঈদুল ফিতরের ওটিটি কন্টেন্টের মধ্যে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে রয়েছে ভিকি জাহেদ পরিচালিত মনস্তাত্ত্বিক থ্রিলার সিরিজ ‘চক্র ২’। ২০০৭ সালে ময়মনসিংহে ঘটে যাওয়া এক পরিবারের ৯ সদস্যের রহস্যজনক আত্মহত্যার বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত এই সিরিজটি দর্শকদের মাঝে রীতিমতো ভয়ের আবহ তৈরি করেছে। মুক্তির মাত্র এক সপ্তাহেই ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’-এ সাবস্ক্রিপশন ও আয়ের নতুন রেকর্ড গড়েছে এই ডার্ক থ্রিলার।
পুরো সিরিজে দর্শকদের সবচেয়ে বেশি চমকে দিয়েছে ‘প্রফেসর ড. হুমায়ূন’ চরিত্রে তৌসিফ মাহবুবের অনবদ্য অভিনয়। তাঁর লুক, শারীরিক রূপান্তর এবং মানসিক বিকারগ্রস্ত এক মানুষের চরিত্রে এমন অভিনয় দেখে মুগ্ধ ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ মন্তব্য করেছেন, ‘এত ভয়ংকর অভিনয় কীভাবে করলেন তৌসিফ? তাঁর অভিব্যক্তি দেখে আমরা শিউরে উঠেছি।’ ডার্ক থ্রিলার ঘরানার এই সিরিজে তৌসিফ যেন একাই রাজত্ব করেছেন, এমনটাই দাবি দর্শকদের একাংশের। এমনকি ‘ড. হুমায়ূন’ চরিত্রটি নিয়ে তৈরি নানা মিম ও কার্টুন এখন নেট দুনিয়ায় ভাইরাল।
পরিচালক ভিকি জাহেদের নিখুঁত নির্মাণশৈলী, অশুভ জাদুবিদ্যার অন্ধকার দিক এবং টানটান উত্তেজনার কারণে অনেকেই একে ‘সাম্প্রতিক সময়ের সেরা থ্রিলার’ হিসেবে অভিহিত করছেন। তৌসিফ ছাড়াও এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, মৌসুমী মৌ, শাহেদ আলী ও নাদের খানসহ আরও অনেকে। ৮ পর্বের এই সিরিজটি দেখার পর সেই ঘোর থেকে বের হতে পারছেন না বলেও জানিয়েছেন অসংখ্য দর্শক।