রোববার (২০ এপ্রিল) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত হওয়ায় ফরিদা ইয়াসমিনকে অভিনন্দন জানান। চমক লেখেন, “কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত হওয়ার জন্য ফরিদা ইয়াসমিন আপাকে জানাই অনেক অনেক অভিনন্দন!”
নিজের রাজনৈতিক যাত্রা নিয়ে খোলামেলা বক্তব্যে তিনি বলেন, রাজনীতিতে তিনি একেবারেই নতুন। সংরক্ষিত নারী আসনে অংশগ্রহণের মধ্য দিয়েই তার এই পথচলার শুরু। দল থেকে পাওয়া সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
চমক আরও জানান, তার মূল লক্ষ্য দেশ ও মানুষের জন্য কাজ করা। বিশেষ করে কুষ্টিয়ার মানুষের পাশে দাঁড়ানো এবং বাঙালি সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার ইচ্ছার কথাও তুলে ধরেন।
রাজনীতির এই নতুন অধ্যায়ে সবার দোয়া ও ভালোবাসা কামনা করে তিনি বলেন, সামনে এগিয়ে যেতে সবার সমর্থনই তার বড় শক্তি হবে।
উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন চমক। তবে চূড়ান্ত তালিকায় নাম না থাকলেও তিনি বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন এবং ভবিষ্যতে মানুষের জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।