সিনেমা জগতের জাদুকর ক্রিস্টোফার নোলান এবার দর্শকদের নিয়ে যাচ্ছেন প্রাচীন গ্রিসের পৌরাণিক দুনিয়ায়। তাঁর পরবর্তী বিগ-বাজেট প্রজেক্ট হিসেবে তিনি পর্দায় নিয়ে আসছেন হোমারের অমর মহাকাব্য ‘দ্য ওডিসি’। ২০২৬ সালের ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তির লক্ষে নির্মিত এই চলচ্চিত্রে যুক্ত হয়েছেন হলিউডের একঝাঁক মহাতারকা। ইথাকার রাজা ওডিসিউসের নাম ভূমিকায় দেখা যাবে ম্যাট ডেমনকে। তাঁর স্ত্রী পেনেলোপির চরিত্রে অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে এবং তাঁদের পুত্র টেলেমাকাসের ভূমিকায় থাকছেন ‘স্পাইডারম্যান’ খ্যাত টম হল্যান্ড।
নোলানের চিরচেনা শৈলী অনুযায়ী এই সিনেমাটিও এগোবে দুটি ভিন্ন সময়রেখায়। একদিকে সমুদ্রে ওডিসিউসের দীর্ঘ ১০ বছরের বিপদসংকুল ও রোমাঞ্চকর যাত্রা, আর অন্যদিকে বাবার অনুপস্থিতিতে রাজ্য রক্ষায় পুত্র টেলেমাকাসের সংগ্রাম। জ্ঞান ও রণকৌশলের দেবী অ্যাথেনার চরিত্রে অভিনয় করেছেন জেনডায়া এবং প্রধান খলনায়ক অ্যান্টিনাস হিসেবে দেখা যাবে রবার্ট প্যাটিনসনকে। এছাড়াও লুপিতা নিয়ং'ও ট্রয়ের হেলেন ও ক্লাইটেমনেস্ট্রার দ্বৈত চরিত্রে অভিনয় করে চমক দেবেন।
পৌরাণিক এই কাহিনীর সাথে নোলান যোগ করেছেন তাঁর নিজস্ব সিগনেচার স্টাইল- মনস্তাত্ত্বিক উত্তেজনা ও আধুনিক হাই-ভোল্টেজ অ্যাকশন। ওডিসিউসের মানসিক সংগ্রাম এবং রবার্ট প্যাটিনসনের বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত লড়াই সিনেমার মূল আকর্ষণ হতে যাচ্ছে। আইম্যাক্স ক্যামেরায় ধারণকৃত এই ভিজ্যুয়াল মাস্টারপিসটি ২০২৬ সালের অন্যতম ব্লকবাস্টার হতে যাচ্ছে বলে ধারণা করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।