স্ট্রিমিং প্ল্যাটফর্ম Amazon Prime Video প্রকাশ করেছে বহুল আলোচিত সিরিজ Citadel-এর দ্বিতীয় সিজনের ট্রেলার। মঙ্গলবার প্রকাশিত ট্রেলারটি ইতোমধ্যেই নজর কেড়েছে অ্যাকশনপ্রেমীদের। একই সঙ্গে জানানো হয়েছে, আগামী ৬ মে থেকে শুরু হবে সিরিজটির স্ট্রিমিং।
নতুন সিজনে আবারও কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে Priyanka Chopra এবং Richard Madden-কে। তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন Stanley Tucci।
‘সিটাডেল’ মূলত একদল এলিট গোয়েন্দার গল্প, যারা ‘ম্যান্টিকোর’ নামের এক শক্তিশালী অপরাধী চক্রের হাতে ধ্বংস হয়ে যাওয়া একটি সংস্থার সদস্য ছিলেন। মেসন কেন, নাদিয়া সিন এবং বার্নার্ড অরলিক এই তিন চরিত্রের স্মৃতিলোপ এবং তাদের পুনরুত্থানকে ঘিরেই এগিয়েছে কাহিনী।
দ্বিতীয় সিজনে দেখা যাবে, একটি বৈশ্বিক ষড়যন্ত্র প্রতিহত করতে আবারও একত্রিত হচ্ছেন তারা। নতুন মিশনে তারা গঠন করেন একটি দল এবং বিশ্বজুড়ে শুরু হয় তাদের দুঃসাহসিক অভিযান। নির্মাতাদের দাবি, এবারের সিজন আগের চেয়ে আরও বেশি রোমাঞ্চকর ও অ্যাকশনঘন।
Amazon MGM Studios এবং Russo Brothers-এর প্রযোজনায় নির্মিত এই সিরিজের নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন Anthony Russo ও Joe Russo। শো-রানার ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন David Weil।
নতুন মিশনে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখতে এখন অপেক্ষায় ভক্তরা।